Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

রাতের ঘুম ভালো হবে বিশেষজ্ঞদের যে পরামর্শ মানলে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম

রাতের ঘুম ভালো হবে বিশেষজ্ঞদের যে পরামর্শ মানলে

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়াশোনা, নতুন বন্ধু, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমে অনেকে ব্যস্ত হয়ে পড়েন। ফলে রাত জাগার অভ্যাস তৈরি হয়। তবে এই সময়ে ঘুমকে অবহেলা করলে পড়াশোনা, স্মৃতিশক্তি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

নতুন কিছু শেখা এবং তা মনে রাখার ক্ষেত্রে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে হোস্টেলের নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রায় কয়েক সপ্তাহ লেগে যায়। স্বাভাবিকভাবেই এতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, সকালে কিছুক্ষণ রোদের আলোতে থাকা, বিছানার চাদর পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো রাতে ঘুমের মান উন্নত করে। 

সকালে রোদে থাকুন

যুক্তরাজ্যের অধিবাসী, মনোবিজ্ঞানী ও শিক্ষার্থীদের ঘুম, মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ জো বেকার বলেন, সকালে প্রাকৃতিক আলো শরীরে অভ্যন্তরীণ ঘড়ি বা বডি ক্লক নিয়ন্ত্রণে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের বেলা ১১টার আগেই কিছু সময় বাইরে থাকার পরামর্শ দেন। 

সকালের আলো মস্তিষ্ককে গুরুত্বপূর্ণ সংকেত দেয় এবং ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণ করে। 

বেকারের মতে, রাতে ভালো ঘুম নির্ভর করে সকালে কখন ঘুম থেকে উঠছেন তার ওপর। তাই প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় থাকে।

জোর করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন না

ঘুমের সমস্যা হলে অনেক শিক্ষার্থী হারানো ঘুম পুষিয়ে নিতে স্বাভাবিক সময়ের অনেক আগে বিছানায় যাওয়ার চেষ্টা করেন। এত সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করেন বেকার। 

তার মতে, ঘুম না এলেও দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকলে মস্তিষ্ক বিছানাকে ঘুমের বদলে হতাশা ও জেগে থাকার সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। 

ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন

পর্যাপ্ত ঘুম না হলে অনেক শিক্ষার্থী দিনের বিভিন্ন সময়ে ক্যাফেইনযুক্ত পানীয় পান করেন। কিন্তু ক্যাফেইন শরীরে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। ফলে স্বাভবিক ঘুম আসার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। অ্যালকোহল গ্রহণের ক্ষেত্রেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অ্যালকোহল পানের পর ঘুম ঘুম ভাব হতে পারে। কিন্তু বেকারের মতে, অতিরিক্ত অ্যালকোহল স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। 

ঘুমানোর আগে মনকে শান্ত হওয়ার সময় দিন

ঘুমানোর আগে স্বস্তিদায়ক রুটিন তৈরি করলে ঘুমের জন্য শরীর ও মন প্রস্তুত হতে শুরু করে। সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সি নৃত্য বিভাগের শিক্ষার্থী আনা মে ডিক্সন বলেন, ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে তিনি আরাম অনুভব করেন। 

গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল করার কারণে শরীরের তাপমাত্রা কমে আসে, যা মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে।

পাশাপাশি বিশেষজ্ঞরা ঘুমানোর আগে বই পড়া, শান্ত গান শোনা ও পডকাস্ট শোনার পরামর্শ দেন। 

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার