Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ত্বকের সংক্রমণ হলে ডিম খাওয়া কি ক্ষতিকর?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

ত্বকের সংক্রমণ হলে ডিম খাওয়া কি ক্ষতিকর?

বিজ্ঞাপন

ত্বকের সংক্রমণে ভুগছেন এমন মানুষের জন্য খাবার নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। বিশেষ করে ডিম নিয়ে প্রশ্ন থাকে, কারণ ডিমকে প্রোটিনের সমৃদ্ধ উৎস হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ডিম খেলে কি সত্যিই ত্বকের সংক্রমণ আরও খারাপ হতে পারে?

ভারতের নয়াদিল্লির সাভাস্তাম ওয়েলনেস স্কিনের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নীহারিকা গোয়ালের মতে, বেশিরভাগ ক্ষেত্রে ডিম ত্বকের সংক্রমণের কারণ নয়। বরং ডিম বেশিরভাগ মানুষের জন্য একটি স্বাস্থ্যকর খাবার যা, প্রোটিন, ভিটামিন ও খনিজের মতো পুষ্টি সরবরাহ করে এবং শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়ায় সহায়তা করে। তবে যাদের ডিমে অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে, তাদের ডিম খাওয়ার পর ত্বকে বিবিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

ডিম কি ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে?

ডিম সাধারণত বিদ্যমান ত্বকের সংক্রমণকে বাড়িয়ে দেয় না। তবে ডিমে অ্যালার্জি বা সংবেদনশীলতা থাকলে ত্বকে কিছু উপসর্গ দেখা দিতে পারে। ডা. গোয়ালের মতে, ডিম খাওয়ার পর কিছু মানুষের ত্বকে জ্বালা, চুলকানি, চাকা ওঠা (হাইভস) বা ফোলাভাব দেখা দিতে পারে।

এটি ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসজনিত ত্বকের সংক্রমণ থেকে আলাদা। অ্যালার্জির ক্ষেত্রে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কোনো নির্দিষ্ট উপাদানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে, ত্বকের সংক্রমণ ঘটে ক্ষতিকর জীবাণু ত্বকে আক্রান্ত করলে।

ত্বকের সংক্রমণের কারণ কী?

ত্বকের সংক্রমণের বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাস অন্যতম। কাটা-ছেঁড়া, ক্ষত, পোকামাকড়ের কামড় বা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে জীবাণু শরীরে প্রবেশ করলে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হতে পারে। এরপর ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে প্রদাহ ও অন্যান্য উপসর্গ সৃষ্টি করতে পারে। অন্যদিকে, উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাকের সংক্রমণ সহজে হতে পারে। কিছু ছত্রাকজনিত সংক্রমণ পা, কুঁচকি বা ত্বকের ভাঁজে দেখা দিতে পারে। সংক্রমণের কারণ জানা গুরুত্বপূর্ণ কারণ, কোন জীবাণুর কারণে সংক্রমণ হয়েছে তার ওপর চিকিৎসার ধরন নির্ভর করে।

ত্বকের সংক্রমণের লক্ষণ কী?

ত্বকের সংক্রমণের লক্ষণ সংক্রমণের কারণ ও তীব্রতার ওপর নির্ভর করে। সাধারণ কিছু লক্ষণ হলো— ত্বক লাল হয়ে যাওয়া, আক্রান্ত স্থানে অতিরিক্ত উষ্ণতা, ফোলাভাব, ব্যথা বা স্পর্শে ব্যথা লাগা, চুলকানি, পুঁজ বা অন্য কোনো তরল বের হওয়া। 

প্রতিটি ত্বকের সংক্রমণে সবগুলো উপসর্গ দেখা যাবে এমন নয়। তবে ত্বকের চেহারায় পরিবর্তনের সঙ্গে যদি ব্যথা, ফোলাভাব, তরল বা পুঁজ বের হওয়া কিংবা জ্বর বাড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

ত্বকের সংক্রমণ হলে কি ডিম খাওয়া বন্ধ করতে হবে?

শুধু ত্বকের সংক্রমণ হয়েছে বলেই ডিম খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। ডিম প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করতে পারে, যা সামগ্রিক পুষ্টির জন্য উপকারী। অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সময় পর্যাপ্ত পুষ্টি শরীরের জন্য গুরুত্বপূর্ণ।

তবে ডিম খাওয়ার পর যদি নিয়মিত ত্বকে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়, তাহলে নিজের সিদ্ধান্তে ডিম বা অন্য কোনো খাবার বাদ না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

কিছু লক্ষণ দেখা দিলে ত্বকের সংক্রমণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হতে পারে। ডা. গোয়ালের মতে, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লে অথবা উল্লেখযোগ্য ফোলাভাব বা পুঁজ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এছাড়া তীব্র ব্যথা বা জ্বর থাকলেও চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। 

সূত্র: এনডিটিভি 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার