বিজ্ঞাপন
রাতে ছারপোকার কামড়ে অতিষ্ঠ? ঘর থেকে দূর করার কিছু উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
বিজ্ঞাপন
রাতে ঘুমানোর সময় শরীরে বারবার চুলকানি বা ছোট ছোট কামড়ের দাগ দেখা দিলে বিছানায় ছারপোকা আছে কি না, তা পরীক্ষা করে দেখা দরকার। এসব ক্ষুদ্র পোকা সাধারণত গদি, বালিশ, বিছানা, সোফা কিংবা আসবাবের ফাঁকে লুকিয়ে থাকে এবং রাতে বের হয়ে মানুষের রক্ত খায়।
ছারপোকার উপদ্রব কমাতে নিয়মিত বিছানা ও ঘরের পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন।
রোদে দিন বিছানাপত্র
তোশক, ম্যাট্রেস, চাদর, বালিশ ও অন্যান্য বিছানাপত্র নিয়মিত কড়া রোদে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় রোদে রাখলে ছারপোকা ও তাদের লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গাগুলো শনাক্ত ও পরিষ্কার করা সহজ হয়।
নিমের ব্যবহার
নিমের তেল বিছানা বা আসবাবের ফাঁকফোকরে ব্যবহার করা হয় ছারপোকা দূরে রাখার ঘরোয়া উপায় হিসেবে। বিছানার নিচে শুকনো নিমপাতাও রাখা যায়।
ম্যাট্রেস ভালোভাবে পরিষ্কার করুন
ম্যাট্রেসে ছারপোকার উপস্থিতি টের পেলে প্রথমে ভালোভাবে ভ্যাকুয়াম করুন। বিশেষ করে সেলাইয়ের অংশ, ভাঁজ এবং চারপাশের ফাঁকগুলোতে নজর দিতে হবে। ভ্যাকুয়াম করার পর মেশিনের ময়লা দ্রুত ঘর থেকে সরিয়ে ফেলুন।
বিছানার চাদর, বালিশের কাভার, কাঁথা ও অন্যান্য কাপড় গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। সম্ভব হলে কাপড়গুলো উচ্চ তাপমাত্রায় ড্রায়ারেও শুকানো যেতে পারে।
দেয়াল থেকে বিছানা সরিয়ে রাখুন
বিছানা বা সোফা দেয়ালের সঙ্গে লাগানো না রেখে কিছুটা দূরে রাখুন। বিছানার চারপাশ ও নিচের অংশ নিয়মিত পরিষ্কার করুন। ছারপোকা যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও সতর্ক থাকা দরকার।
পুরোনো ম্যাট্রেস পরীক্ষা করুন
অনেক পুরোনো বা অতিরিক্ত আক্রান্ত ম্যাট্রেস পরিষ্কার করা কঠিন হতে পারে। দীর্ঘদিন ব্যবহৃত ম্যাট্রেসে বারবার ছারপোকার সমস্যা দেখা দিলে সেটি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তবে উপদ্রব বেশি হলে শুধু ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে পেশাদার কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সেবা নেওয়াই কার্যকর হতে পারে। ছারপোকার ডিম ও লুকিয়ে থাকা পোকা পুরোপুরি নির্মূল করতে একাধিকবার চিকিৎসার প্রয়োজনও হতে পারে।