Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

বাড়িতে বানান ভিন্ন স্বাদের মালাই ক্যারামেল পুডিং

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

বাড়িতে বানান ভিন্ন স্বাদের মালাই ক্যারামেল পুডিং

বিজ্ঞাপন

পুডিং বলতেই চোখের সামনে ভেসে ওঠে ডিম, দুধ ও চিনির মিশেলে তৈরি পরিচিত সেই মিষ্টি ডেজার্ট। বিকেলের নাস্তায়, আড্ডার টেবিলে কিংবা রাতের খাবারের পর অতিথি আপ্যায়নে ক্যারামেল পুডিংয়ের জনপ্রিয়তা বরাবরই আলাদা। তবে চেনা এই পুডিংয়েই যদি যোগ করা যায় একটু ভিন্ন স্বাদ, তাহলে কেমন হয়?

বাড়িতে থাকা রসগোল্লা কিংবা রসমালাই দিয়েই তৈরি করতে পারেন এমন এক অভিনব ডেজার্ট। পরিচিত পুডিংয়ের সঙ্গে রসগোল্লা বা রসমালাইয়ের মিষ্টি ও মালাইয়ের স্বাদ মিশে তৈরি হবে একেবারেই ভিন্ন এক স্বাদের মেলবন্ধন।

অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের জন্য বিশেষ কোনো আয়োজননে সহজেই তৈরি করা এই পুডিং হতে পারে টেবিলের আকর্ষণ। একবার স্বাদ নিলে এর মিষ্টি স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। 

আসুন জেনে নেওয়া যাক কীভাবে রসগোল্লা বা রস মালাইয়ের পুডিং তৈরি করবেন-

উপকরণ

  • দুধ আধা কেজি
  • ডিম ২ টি
  • চিনি ৩ টেবিল চামচ
  • রসগোল্লা বা রসমালাই ৭ টি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে সামান্য চিনি ও পানি নিয়ে কম আঁচে জ্বাল দিন। চিনি গলে সুন্দর সোনালি রঙের ক্যারামেল তৈরি হলে তা দ্রুত পুডিংয়ের পাত্রের তলায় ঢেলে চারদিকে ছড়িয়ে দিন। এবার ক্যারামেলটি কিছুক্ষণ রেখে সেট হতে দিন।

অন্যদিকে, আগে থেকে ঘন করে জ্বাল দিয়ে রাখা দুধ ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন। এবার ব্লেন্ডারে ঘন দুধ, ডিম ও পরিমাণমতো চিনি নিন। যেহেতু রসগোল্লা বা রসমালাইয়ে আগে থেকেই মিষ্টি থাকে, তাই চিনি দেওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখুন। এবার এর সঙ্গে কয়েকটি রসগোল্লা অথবা রসমালাই দিয়ে সব উপকরণ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করা মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিন। এতে মিশ্রণটি আরও মসৃণ হবে এবং পুডিংয়ের ভেতরে ডিমের কোনো দলা থাকবে না। এবার ছেঁকে নেওয়া মিশ্রণটি ক্যারামেল সেট করা পাত্রে ঢেলে দিন।

পাত্রের মুখ ভালোভাবে ঢেকে একটি ভাপ দেওয়ার পাত্রে বসিয়ে দিন। কম থেকে মাঝারি আঁচে প্রায় ৩০-৩৫ মিনিট ভাপে রান্না করুন। পুডিং জমে এলে চুলা বন্ধ করে পাত্রটি নামিয়ে নিন। এরপর স্বাভাবিক তাপমাত্রায় কিছুক্ষণ রেখে ফ্রিজে ঢুকিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিন।

পুডিং পুরোপুরি ঠান্ডা হলে পাত্রের চারপাশে ছুরি দিয়ে আলতো করে ছাড়িয়ে নিন। এবার একটি প্লেট পাত্রের ওপর রেখে সাবধানে উল্টে দিন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার