বিজ্ঞাপন
ভারী খাবারের সঙ্গে শসা-লেবু কেন খাবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম
বিজ্ঞাপন
আমাদের যে কোনো উৎসব কিংবা সামাজিক আয়োজনে ভারী খাবারের আমেজ আলাদা থাকে। পোলাও, রোষ্ট, খাসির মাংসের রেজালা মতো ভারী খাবার খেলে পেট ভার হয়ে থাকা, গ্যাস কিংবা বুক জ্বালা সমস্যা সৃষ্টি হতে পারে।
এই ঝামেলা থেকে মুক্তি পেতে শসা ও লেবুর টুকরা খেতে পারেন। ভারী খাবার সঙ্গে শশা ও লেবু খাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় স্বাস্থ্যগত কারণ।
হজম প্রক্রিয়াকে গতিশীল করে লেবু
তেল-মসলাযুক্ত ভারী খাবারে সাধারণত চর্বি ও ক্যালরির পরিমাণ বেশি থাকে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর ডাইজেস্টিভ রস এবং পিত্তরস ক্ষরণে উদ্দীপনা যোগায়। এই পিত্তরস খাবারের জটিল চর্বি ভেঙে সহজে হজম হতে সাহায্য করে। খাবারে থাকা আয়রন শরীরে শোষিত হতে লেবুর সাইট্রিক অ্যাসিড বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি চর্বিজাতীয় খাবারের পর যে অস্বস্তি, হজমের ধীরগতি বা বুক জ্বালার সমস্যা তৈরি হয়, এসবও দ্রুত দূর করতে সাহায্য করে।
পেটের অস্বস্তিভাব দূর করে শসা
ভারী খাবার বা তেল মসলাযুক্ত খাবারের অন্যতম ক্ষতিকর দিক হলো এটি শরীরে তরলের ভারসাম্য নষ্ট করে এবং অতিরিক্ত সোডিয়ামের কারণে পেট ফুলিয়ে ফেলে। শসায় রয়েছে প্রায় ৯৫ শতাংশ পানি এবং প্রচুর দ্রবণীয় ফাইবার।
এটি পরিপাকতন্ত্রে পানির প্রবাহ ঠিক রাখে এবং অতিরিক্ত সোডিয়াম ধুয়ে বের করে দিতে সাহায্য করে। শসার প্রাকৃতিক ঠান্ডা ও ক্ষারীয় প্রভাব পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড দূর করে, যা ভারী খাবারের পর পেট ঠান্ডা রাখে।
দেহের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়
ভারী খাবারের চর্বি ও সোডিয়াম যখন শরীরে বাড়তি চাপ সৃষ্টি করে, তখন শসা ও লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই বা বিষমুক্ত করতে সাহায্য করে। এই দুইয়ের মেলবন্ধন আমাদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না এবং পরিপাকতন্ত্রের উপর বাড়তি চাপের ভারসাম্য বজায় রাখে।
খাবারের স্বাদ উপভোগের পাশাপাশি নিজের পাচনতন্ত্রকে সুস্থ রাখতে শসা-লেবুর বেশ ভালো কাজ করে। এটি শুধু প্লেটের সৌন্দর্যই বাড়ায় না, ভারী খাবারের সঙ্গে বাড়তি পানি, সতেজতা ও কিছু পুষ্টি উপাদানও যোগ করে।
তাই বিরিয়ানি, পোলাও কিংবা ভুনা মাংসের সঙ্গে প্লেটে থাকা শসা ও লেবুর স্লাইস এড়িয়ে না গিয়ে পরিমাণমতো খেতে পারেন।