Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

এই ৫টি লক্ষণ বলে দেবে আপনার স্ত্রী ‘টক্সিক’

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

এই ৫টি লক্ষণ বলে দেবে আপনার স্ত্রী ‘টক্সিক’

বিজ্ঞাপন

কোনও সম্পর্ক পুরোপুরি স্বপ্নের মতো হয় না। সব সম্পর্কে ঝগড়া আর মতের অমিল থাকেই। কিন্তু সবচেয়ে বেশি মানুষ ভাবে তার সঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় সম্পর্ক ‘টক্সিক’ বা বিষাক্ত হয়ে যায়। অনেকেই আবার বকেন তাদের সঙ্গী ‘টক্সিক’। তবে এই বিষয়টা কিন্তু কেবল একটা দুটো বিষয়েই বলা যায়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ‘টক্সিক’ স্ত্রীর কিছু লক্ষণ উঠে এসেছে।   

প্রত্যেক দাম্পত্যেই খারাপ সময় আসে, ভুল বোঝাবুঝি হয়, দুজনের কেউ কখনও রেগেও যেতে পারেন। কিন্তু একই ধরনের নেতিবাচক আচরণ যদি বারবার ঘটতে থাকে এবং সম্পর্কের মধ্যে একজন মানুষকে ক্রমাগত ছোট, নিয়ন্ত্রিত বা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, তাহলে সেটি অস্বাস্থ্যকর সম্পর্কের লক্ষণ। বিশেষ করে নিচের আচরণগুলো যদি নিয়মিত দেখা যায়, তাহলে সতর্ক হওয়া জরুরি। এগুলো হলো: 

১. প্রতিটি সমস্যার জন্য আপনাকেই দায়ী করা হয়

ঝগড়া হলো, কোনও সমস্যা তৈরি হলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আপনিই ক্ষমা চাইছেন। আপনার স্ত্রী যদি প্রায় প্রতিটি মতবিরোধের দায় আপনার ওপর চাপিয়ে দেন এবং নিজের ভুল স্বীকার করতে খুব কমই রাজি হন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করতে পারেন ‘সমস্যাটা কি আসলে আমার?’ সব সময় নিজেকে প্রমাণ করতে বা নিজের নির্দোষিতা বোঝাতে বাধ্য হওয়া কোনও সুস্থ দাম্পত্যের লক্ষণ নয়।

২. মজা করতে গিয়ে আপনাকে ছোট করা হয়

দাম্পত্যে একে অপরকে নিয়ে মজা করা স্বাভাবিক। কিন্তু সেই মজা যদি বারবার আপনার চেহারা, চাকরি, বন্ধু, বুদ্ধি কিংবা ব্যক্তিত্বকে আঘাত করে, তাহলে সেটি আর স্বাভাবিক থাকে না। একই ধরনের মন্তব্য বারবার শুনতে শুনতে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় বা মনে হয় আপনি আপনার সঙ্গীর কাছে যথেষ্ট ভালো নন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

৩. অতিরিক্ত নিয়ন্ত্রণ 

বিয়ে মানে নিজের পুরো ব্যক্তিগত জীবন বাদ দেয়া না। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কখন বাড়ি ফিরবেন এসব নিয়ে সঙ্গীর উদ্বেগ থাকতেই পারে। কিন্তু সেই উদ্বেগ যদি নিয়মিত নজরদারি, বাধা বা নির্দেশে পরিণত হয়, তাহলে সেটি নিয়ন্ত্রণমূলক আচরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা করলে রাগ করা, বারবার ফোন করে অবস্থান জানতে চাওয়া কিংবা কার সঙ্গে মেলামেশা করা যাবে তা ঠিক করে দেয়া এসব আচরণ সম্পর্কের সুস্থ স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

৪. অনুভূতিকে গুরুত্ব না দেয়া  

আপনি কষ্ট পেয়েছেন সেটা বুঝতে পেরেও এড়িয়ে যাওয়া স্বাভাবিক নয়। কিন্তু প্রতিবার আপনার অনুভূতিকে তুচ্ছ করা হলে একসময় আপনি নিজের কথাই বলা বন্ধ করে দিতে পারেন। কারণ তখন মনে হতে পারে, নিজের অনুভূতি বোঝানোর চেয়ে চুপ করে থাকাই সহজ। একটি সুস্থ সম্পর্কে দুজনের অনুভূতিকেই গুরুত্ব দেয়া হয়।  

৫. অতিরিক্ত রাগ নিয়ে ভাবা  

কিছু বলার আগে বারবার ভাবছেন। কোন বিষয় তুললে ঝগড়া হবে, কোন কথায় তার মেজাজ খারাপ হবে এসব হিসাব করে চলছেন। এমনকি নিজের পরিকল্পনাও বদলে ফেলছেন শুধু সম্ভাব্য ঝামেলা এড়ানোর জন্য। যদি আপনার মনে সব সময় থাকে, ‘কী বললে আবার সমস্যা হবে?’, তাহলে সম্পর্কটি একেবারেই স্বাভাবিক নয়। দাম্পত্যে মতবিরোধ থাকবেই, কিন্তু সব সময় সঙ্গীর রাগ এড়িয়ে চলা নিয়ম হতে পারে না। 

সবশেষে এটাও মনে রাখতে হবে এই পাঁচটি লক্ষণ দেখা দিলেই সে ‘টক্সিক স্ত্রী’ নয়। তার মানসিক অবস্থা নিয়েও ভাবতে হবে। যদি সম্পর্ক বেশি কঠিন হয়ে যায় তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। বর্তমান সময়ে অনেকেই সম্পর্ক ভালো রাখতে বিশেষজ্ঞের কাছে যান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার