বিজ্ঞাপন
প্লাস্টিকের চেয়ার ঘরোয়া উপায়ে পরিষ্কার করবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম
বিজ্ঞাপন
বারান্দা, ছাদ কিংবা বাগানের কোণে রাখা প্লাস্টিকের চেয়ারগুলো একসময় নতুনের মতো ঝকঝকে থাকে। কিন্তু দীর্ঘদিন রোদ-বৃষ্টি, ধুলা-ময়লা আর আর্দ্রতার সংস্পর্শে থাকতে থাকতে সাদা প্লাস্টিকের চেয়ার ধীরে ধীরে হলদেটে নোংরা হয়ে যায়। কোথাও জমে কালচে দাগ, কোথাও তেলচিটে ময়লার আস্তরণ। ফলে দেখতে বেশ পুরোনো মনে হয়।
তবে চেয়ার নোংরা হলেই নতুন কিনতে হবে, এমন নয়। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ এবং সামান্য যত্নেই অনেক সময় প্লাস্টিকের চেহারা বেশ খানিকটা পরিষ্কার করে নেওয়া যায়।
দাগে কাজে লাগতে পারে বেকিং সোডার পেস্ট
জেদি দাগ উঠতে পারে বেকিং সোডা
চেয়ারের কোণে জমে থাকা কালচে বা জেদি দাগ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেনঙ বেকিং সোডা। অল্প পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার দাগের জায়গায় পেস্টটি লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন।
এরপর নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে আলতো হাতে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ পুরোপুরি না উঠলেও অনেকটা হালকা হতে পারে। তবে কোনো নতুন উপকরণ ব্যবহারের আগে চেয়ারের ছোট ও আড়াল করা অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
হলদেটে ছোপে ব্যবহার করতে পারেন লেবু ও লবণ
হলদেটে ছোপে লেবু-লবণ
সাদা প্লাস্টিকের চেয়ারে হলদেটে ছোপ পড়লে পাতিলেবু ও লবণের মিশ্রণও ব্যবহার করতে পারেন। অর্ধেক পাতিলেবুর ওপর সামান্য লবণ দিয়ে হলদেটে অংশে আলতো করে ঘষুন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তবে এই পদ্ধতি সব ধরনের প্লাস্টিকের জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। তাই পুরো চেয়ারে ব্যবহারের আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নিন।
সাধারণ ময়লায় ডিটারজেন্টের ব্যবহার
চেয়ারে যদি মূল সমস্যা হয় ধুলা, ঘাম, তেলচিটে ময়লা কিংবা প্রতিদিনের ব্যবহারের দাগ, তাহলে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। হালকা গরম পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে নিন। নরম কাপড় বা স্পঞ্জ সেই পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে পুরো চেয়ার মুছে ফেলুন।এরপর পরিষ্কার পানি দিয়ে আবার মুছে নিন। এতে চেয়ারের ওপর জমে থাকা সাধারণ ময়লা অনেকটাই দূর হয়ে যাবে।
শক্ত ঘষুনি ব্যবহার না করা
দাগ তুলতে গিয়ে অনেকেই শক্ত ব্রাশ, তারের জালি কিংবা খসখসে ঘষুনি ব্যবহার করেন। এতে প্লাস্টিকের ওপর সূক্ষ্ম আঁচড় পড়তে পারে। পরবর্তীতে সেই আঁচড়ের মধ্যে ধুলা-ময়লা জমে চেয়ার আরও দ্রুত নোংরা হয়ে যেতে পারে। তাই পরিষ্কারের সময় নরম স্পঞ্জ, মাইক্রোফাইবার বা সুতির কাপড় ব্যবহার করাই ভালো।
পরিষ্কার করার পর শুকিয়ে নিন
চেয়ার ধোয়ার পর ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। শুকনো কাপড় দিয়ে পানি মুছে ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় শুকিয়ে নিন। ব্যবহার না করলে চেয়ার সরাসরি কড়া রোদ বা টানা বৃষ্টির মধ্যে না রেখে ছাউনির নিচে রাখুন।
ফাটল দেখলে শুধু পরিষ্কার করলেই হবে না দীর্ঘদিন রোদে থাকার কারণে প্লাস্টিকের চেয়ার শুধু বিবর্ণই হয় না, ধীরে ধীরে ভঙ্গুরও হয়ে যেতে পারে। পরিষ্কার করার সময় যদি প্লাস্টিকে সরু ফাটল, খসখসে ভাব বা ভঙ্গুরতার লক্ষণ দেখা যায়, তাহলে সতর্ক হতে হবে।
এমন চেয়ারে ভারী কেউ বসলে হঠাৎ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই শুধু দেখতে সুন্দর করার জন্য পুরোনো ও দুর্বল চেয়ার ব্যবহার করা ঠিক নয়। ফাটল বা অতিরিক্ত ক্ষয় দেখা দিলে নিরাপত্তার কথা ভেবে চেয়ারটি বদলে ফেলাই ভালো।
সঠিকভাবে নিয়মিত পরিষ্কার করা এবং কড়া রোদ-বৃষ্টি থেকে দূরে রাখলে প্লাস্টিকের চেয়ার অনেকদিন ভালো রাখা সম্ভব। তবে পরিষ্কার করার পাশাপাশি চেয়ারের নিরাপত্তা ও প্লাস্টিকের শক্ত অবস্থাও নিয়মিত পরীক্ষা করুন।
সূত্র: নিউজ এইটটিন, দ্য স্প্রুস