Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

প্রোস্টেট ক্যানসার: পঞ্চাশোর্ধ্ব পুরুষদের জন্য দুঃসংবাদ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

প্রোস্টেট ক্যানসার: পঞ্চাশোর্ধ্ব পুরুষদের জন্য দুঃসংবাদ!

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে ৫০ বছরের বেশি বয়সি পুরুষদের প্রোস্টেট ক্যানসার শনাক্তকরণে প্রস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) পরীক্ষা সরাসরি চাওয়ার অধিকার বাতিল করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কোনো পুরুষ নিজ উদ্যোগে আর এই ব্লাড টেস্ট দাবি করতে পারবেন না; পরীক্ষা করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন পারিবারিক চিকিৎসকরা। 

তবে দেশটির হেলথ ডিপার্টমেন্টের এমন সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা খুব একটা ভালোভাবে দেখছেন না। তারা একে ‘চরম বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন—যিনি নিজে প্রাথমিক অবস্থায় পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্তের পর সুস্থ হয়েছেন—এই পদক্ষেপকে একটি ‘পশ্চাৎমুখী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন। 

এর আগে ২০০২ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী উপসর্গ না থাকলেও ৫০ বছরের বেশি বয়সি যেকোনো পুরুষ বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারতেন। কিন্তু ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার (ডিএইচএসসি)-এর নতুন চিঠিতে জানানো হয়েছে, পুরনো সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে এবং ৫০ বছরের বেশি বয়সিদের আর স্বয়ংক্রিয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হবে না। 

নতুন নিয়মে কোনো রোগী তার উদ্বেগ প্রকাশ করলে চিকিৎসকরা সব দিক বিবেচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, নীতিমালায় মূল কোনো পরিবর্তন আসেনি, বরং পুরনো নির্দেশিকাটি অস্পষ্ট থাকায় সেটি তুলে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
ক্যানসার সংক্রান্ত বিভিন্ন দাতব্য সংস্থা ও বিশেষজ্ঞরা সরকারের এই পদক্ষেপকে ‘ভুল অর্থনীতি’ এবং স্বল্পমেয়াদী সাশ্রয়ের প্রচেষ্টা বলে সমালোচনা করছেন। 

যুক্তরাজ্যের ‘প্রোস্টেট ক্যানসার রিসার্চ’-এর অন্যতম পরিচালক ডেভিড জেমস জানান, এই সিদ্ধান্তের ফলে জাতীয় পর্যায়ে কোনো ব্যাপক স্ক্রিনিং প্রোগ্রামও থাকছে না, আবার যারা নিজ উদ্যোগে পরীক্ষা করাতে চান তাদের সামনেও বাধা তৈরি করা হচ্ছে। 

এর ফলে শত শত পুরুষের শরীরে ক্যানসার দেরিতে শনাক্ত হবে, যা পরবর্তীতে আর নিরাময়যোগ্য থাকবে না এবং এনএইচএস-কে আরও জটিল চিকিৎসার পেছনে দ্বিগুণ অর্থ খরচ করতে হবে। 

বর্তমানে যুক্তরাজ্যে পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসার সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত, যেখানে প্রতি বছর প্রায় ৬৩,০০০ মানুষের শরীরে এই রোগ ধরা পড়ে এবং ১২,০০০ মানুষ মৃত্যুবরণ করেন। 

উল্লেখ্য, স্তন বা অন্ত্রের ক্যানসারের মতো প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এখনো সার্বজনীন কোনো স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়নি। সরকার বর্তমানে নির্দিষ্ট কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ ও জিনগত বৈশিষ্ট্যযুক্ত গোষ্ঠীর মধ্যে সীমিত পরিসরে পরীক্ষার পরিকল্পনা করছে, যা নিয়ে ডেভিড ক্যামেরনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আরও ব্যাপকভাবে ঝুঁকিতে থাকা পুরুষদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালুর জোর দাবি জানাচ্ছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার