Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

সারাক্ষণ ক্লান্ত লাগছে? এর পেছনে থাকতে পারে আপনার খাদ্যাভ্যাস

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:১৪ এএম

সারাক্ষণ ক্লান্ত লাগছে? এর পেছনে থাকতে পারে আপনার খাদ্যাভ্যাস

বিজ্ঞাপন

অনেকেই নিয়মিত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন। বেশিরভাগ সময় এর জন্য কম ঘুম, মানসিক চাপ বা অতিরিক্ত কাজকে দায়ী করা হলেও, বিশেষজ্ঞরা বলছেন দৈনন্দিন কিছু ভুল খাদ্যাভ্যাসও শরীরের শক্তি কমিয়ে দিতে পারে। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ক্লান্তি বাড়ানোর পাশাপাশি কর্মক্ষমতাও কমিয়ে দেয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিউট্রিশন ইন সিঙ্কের প্রধান পুষ্টিবিদ লক্ষ্মী কাল জানান, বেশিরভাগ মানুষ শক্তি বাড়ানোর উপায় খোঁজেন, কিন্তু তাদের প্রতিদিনের খাবারের অভ্যাসই যে সমস্যার মূল কারণ হতে পারে, তা বুঝতে পারেন না। তবে খাদ্যাভ্যাসে ছোট কিছু পরিবর্তন আনলেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

মিষ্টিজাতীয় খাবার শক্তি বাড়ায়—এ ধারণা ভুল

অনেকেই মনে করেন বিস্কুট, কেক বা মিষ্টিজাতীয় খাবার দ্রুত শক্তি জোগায়। বাস্তবে এসব খাবার সাময়িকভাবে রক্তে শর্করার মাত্রা বাড়ালেও অল্প সময়ের মধ্যেই শক্তি কমে যায় এবং ক্লান্তি ফিরে আসে। তাই শুধু কার্বোহাইড্রেট নয়, এর সঙ্গে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘ সময় শক্তি বজায় থাকে।

আরও পড়ুন
বিকেলের অলসতার জন্য শুধু দুপুরের খাবার দায়ী নয়

দুপুরের খাবারের পর অনেকেরই ঘুম ঘুম ভাব বা অলসতা দেখা দেয়। তবে এর পেছনে শরীরের স্বাভাবিক জৈব ঘড়িরও ভূমিকা রয়েছে। এ সময় অতিরিক্ত তেল-চর্বিযুক্ত বা ভারী খাবার খেলে সমস্যা আরও বাড়তে পারে। তাই দুপুরে প্রোটিন, শাকসবজি ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিকেলের কফি ঘুমের ক্ষতি করতে পারে

কফি সাময়িকভাবে শরীরকে সতেজ করলেও দিনের শেষভাগে এটি পান করলে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর অন্তত ছয় ঘণ্টা আগে কফি পান বন্ধ রাখা উচিত। কারণ বিকেলের কফি পরদিন আরও বেশি ক্লান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

অ্যালকোহল সতেজ নয়, বরং ক্লান্তি বাড়ায়

অনেকের ধারণা, অল্প পরিমাণ অ্যালকোহল ভালো ঘুমে সাহায্য করে। তবে বাস্তবে এটি গভীর ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ফলে মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে এবং সকালে পর্যাপ্ত সময় ঘুমিয়েও শরীর সতেজ লাগে না।

কখন চিকিৎসকের দ্বারস্থ হবেন

খাদ্যাভ্যাস, কফি পানের সময় ও ঘুমের রুটিন পরিবর্তনের পরও যদি কয়েক সপ্তাহ ধরে ক্লান্তি না কমে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, আয়রন বা ভিটামিন বি১২-এর ঘাটতি, রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস কিংবা স্লিপ অ্যাপনিয়ার মতো শারীরিক জটিলতার কারণেও দীর্ঘদিন ক্লান্তি থাকতে পারে। তাই প্রয়োজন হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ শনাক্ত করে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার