Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ডায়াবেটিস থাকলেও ট্রেকিং নিরাপদ, যদি মানেন এসব সতর্কতা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

ডায়াবেটিস থাকলেও ট্রেকিং নিরাপদ, যদি মানেন এসব সতর্কতা

বিজ্ঞাপন

পাহাড়ের সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের টান অনেককেই ট্রেকিংয়ে উদ্বুদ্ধ করে। তবে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ট্রেকিংয়ে যাওয়ার আগে কিছু বাড়তি প্রস্তুতি জরুরি। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াকেটিস রোগীরাও নিরাপদে ট্রেকিং উপভোগ করতে পারেন। বরং নিয়মিত পাহাড়ে হাঁটা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে, হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা উন্নত করতে এবং শরীরকে আরও সক্রিয় রাখতে সহায়ক হতে পারে।

ট্রেকিংয়ে বের হওয়ার আগে এইচবিএ১সি, রক্তচাপ, কিডনি পরীক্ষা, প্রয়োজন হলে ইসিজি বা ট্রেডমিল টেস্ট , পাশাপাশি পায়ের স্নায়ু ও চোখের রেটিনা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। যাত্রাপথে গ্লুকোমিটার, পর্যাপ্ত স্ট্রিপ, প্রয়োজনীয় ওষুধ বা ইনসুলিন, অতিরিক্ত ওষুধ, গ্লুকোজ ট্যাবলেট বা জেল এবং সুগার-ফ্রি ওআরএস সঙ্গে রাখা উচিত।

খাবারের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস, যেমন লবণবিহীন আমন্ড ও আখরোট, ভাজা ছোলা, হোল-গ্রেইন বা মাল্টিগ্রেইন স্ন্যাকস ভালো বিকল্প। পথে তাজা ফল খাওয়া যেতে পারে, তবে পরিমিত পরিমাণে। পাকা কলা ও আম এড়িয়ে চলাই ভালো।

ট্রেকিংয়ের সময় অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, বুক ধড়ফড় বা দুর্বলতা অনুভব করলে দ্রুত ব্লাড সুগার পরীক্ষা করতে হবে। সুগার কমে গেলে সঙ্গে থাকা গ্লুকোজ ট্যাবলেট, জেল বা মিছরি খেয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বিশেষজ্ঞরা দীর্ঘ সময় খালি পেটে না থাকার পরামর্শ দেন। প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর অল্প পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং হাঁটাচলা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। আরামদায়ক জুতা পরতে হবে এবং পায়ে কোনো ক্ষত হলে অবহেলা করা যাবে না, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষত শুকাতে বেশি সময় লাগে। ভ্রমণসঙ্গীদেরও নিজের ডায়াবেটিসের বিষয়টি জানিয়ে রাখা উচিত।

অন্যদিকে চিনি দেওয়া চা, কোল্ড ড্রিংকস, কেক-বিস্কুট, শিঙাড়ার মতো ভাজাপোড়া, অতিরিক্ত নোনতা ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। উচ্চতায় ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকায় তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি বা ওআরএস পান করা প্রয়োজন। সঠিক পরিকল্পনা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে ডায়াবিটিস নিয়েও ট্রেকিং হতে পারে নিরাপদ ও আনন্দদায়ক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার