বিজ্ঞাপন
অল্প সময়েই মানুষের নাম ভুলে যাওয়ার কারণ কী
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম
বিজ্ঞাপন
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে—হাত মেলানো, ভদ্র একটা হাসি, নিজের নাম বলা… আর তারপর মুহূর্তেই নামটা মাথা থেকে উধাও। কথোপকথন চলতে থাকে, কিন্তু নামটা আর মনে আসে না।
এই অভিজ্ঞতাটা অনেকের কাছেই বিব্রতকর লাগে, কখনো কখনো দুশ্চিন্তারও কারণ হয়। তবে বাস্তবতা হলো, এটি খুবই স্বাভাবিক একটি বিষয়।
স্নায়ুবিজ্ঞানের মতে, এমনটা হওয়া সাধারণত দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ নয়। বরং এটি নির্ভর করে সেই সময় আপনার মনোযোগ কীভাবে কাজ করছে তার ওপর। যখন আপনি নতুন কারো সঙ্গে দেখা করেন, তখন আপনার মন ব্যস্ত থাকে—কি বলবেন, কেমন ইমপ্রেশন তৈরি হচ্ছে, আশেপাশে কী হচ্ছে—এসব নিয়ে। ফলে নামটি শুরুতেই ঠিকভাবে মনে গেঁথে বসে না।
অন্যদিকে, একটি মুখ, কণ্ঠস্বর বা কথোপকথন আমাদের কাছে অর্থবহ হয়ে ওঠে। তাই আমরা সহজেই মনে রাখতে পারি কার সঙ্গে কোথায় দেখা হয়েছিল বা কী নিয়ে কথা হয়েছিল, কিন্তু নামটি ভুলে যাই।
গবেষণায় দেখা গেছে, যখন কোনো তথ্যের সঙ্গে আবেগ বা প্রেক্ষাপট যুক্ত থাকে, তখন সেটি মনে রাখা সহজ হয়। নাম ভুলে যাওয়া আসলে স্মৃতি হারানোর সমস্যা নয়; বরং শুরুতেই তথ্যটি সঠিকভাবে মস্তিষ্কে সংরক্ষণ (এনকোডিং) না হওয়ার ফল। মনোযোগ যদি বিভক্ত থাকে, তাহলে এই সংরক্ষণ প্রক্রিয়া দুর্বল হয়ে যায়।
তবে ভালো খবর হলো, এর সমাধান খুব সহজ। একটু মনোযোগী হওয়া, নামটি এক-দুবার মনে মনে বা মুখে বলা, বা কোনো পরিচিত কিছুর সঙ্গে মিলিয়ে নেওয়া—এসব ছোট কৌশলই অনেক সাহায্য করতে পারে।
মূল কথা হলো, নাম মনে রাখা বুদ্ধির ওপর নয়, বরং মনোযোগ দেওয়ার ইচ্ছার ওপর নির্ভর করে। দ্রুত গতির কথোপকথনের মাঝেও যদি আপনি এক মুহূর্ত থামেন এবং মনোযোগ দেন, তাহলে স্মৃতিও আপনাকে সাহায্য করবে।