Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

পুরুষ যে কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম

পুরুষ যে কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন

বিজ্ঞাপন

দুজন মানুষের মধ্যে আকর্ষণ কখনও শুধু বাহ্যিক সৌন্দর্য বা বয়সের ওপর নির্ভর করে না। আবেগ, অভিজ্ঞতা, নিরাপত্তাবোধ ও অপূর্ণ চাহিদার সঙ্গে গভীরভাবে জড়িত থাকে সম্পর্কের সমীকরণ।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, ‘অনেক সময় দেখা যায় পুরুষ তার থেকে বয়সে বড় নারীর প্রেমে পড়েন। এর পেছনে কাজ করে একাধিক মনস্তাত্ত্বিক কারণ।’

বয়সে বড় নারী জীবনের নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা তারা ভালোভাবে জানেন। ফলে তাদের আবেগগত স্থিরতা অনেক বেশি।

‘এই ভারসাম্য অল্পবয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। যারা নিজের জীবনে বিভ্রান্তি, চাপ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন, তারা স্বাভাবিকভাবেই শান্ত ও সংযত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন। এতে তারা নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন’— বলেন এই মনোবিদ।

শৈশবের অভিজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব পুরুষ মায়ের সঙ্গে গভীর আবেগগত বন্ধন ছিল বা যারা বড় হওয়ার সময় যথেষ্ট মানসিক যত্ন পাননি, তারা প্রায়ই এমন সম্পর্ক খোঁজেন যেখানে উষ্ণতা ও স্নেহের উপস্থিতি থাকে।

বয়সে বড় নারী অনেক ক্ষেত্রে সেই আবেগগত স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি দিতে সক্ষম হন।

সাধারণত নিজেদের চাওয়া-পাওয়া সম্পর্কে বেশি সচেতন থাকেন বয়সে বড় নারীরা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার দক্ষতা অনেক পুরুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

কিছু পুরুষের জীবনে সঠিক লক্ষ্য বা মানসিক সমর্থনের প্রয়োজন হয়। অভিজ্ঞ নারীদের দেওয়া পরামর্শ, উপলব্ধি ও বাস্তবতাবোধ তাদের জীবনে স্থিরতা আনে।

বয়সে বড় নারী ভিন্নভাবে জীবনকে দেখেন। তারা সরল এবং দৃঢ়প্রতিজ্ঞ; আবেগ ও যুক্তির মধ্যে বিভ্রান্ত হন না। যুক্তিকে ভালোবাসার সঙ্গে মিশিয়ে ফেলেন না এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝেন।    

আরও পড়ুন
এটি তাদের সবচেয়ে আকর্ষণীয় গুণাবলীর মধ্যে অন্যতম।

সামাজিক বিদ্রোহের মনস্তত্ত্বও কিছু ক্ষেত্রে কাজ করে। বয়সে বড় নারী ও কম বয়সি পুরুষের সম্পর্ক এখনও সমাজে পুরোপুরি স্বীকৃত নয়। কিছু মানুষের কাছে এই সামাজিক বাধাই সম্পর্ককে আরও রোমাঞ্চকর করে তোলে।

বয়সের ব্যবধান কোনো সম্পর্কের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি নয়। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও আবেগগত পরিপক্বতাই সম্পর্কের ভিত্তি।

ডা. দিনা বলেন, ‘মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই আকর্ষণ অস্বাভাবিক নয়, তবে সম্পর্কটি উভয় সঙ্গীর জন্য স্বাস্থ্যকর ও কল্যাণকর কি-না— সেটিই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার