বিজ্ঞাপন
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ এএম
বিজ্ঞাপন
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।
এই অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার (৯ অক্টোবর) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার দিন-রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানিয়েছেন, আগামী শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রোববার দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে আগামী সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।