Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ এএম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে নতুন একটি আবহাওয়া ব্যবস্থা ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

পরে এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে।

তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আইএমডির সামুদ্রিক আবহাওয়া বুলেটিনে এ মুহূর্তে কোনো ঝড়ের সতর্কতা জারি করা হয়নি। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ বা তীব্রতা সম্পর্কে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর উত্তর থাইল্যান্ডের ওপর একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত শনাক্ত করে আইএমডি। সেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৮ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় পৌঁছেছে। এর প্রভাবে ওই এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি তৈরি হলে পরবর্তী তিন থেকে চার দিনে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

ফলে বর্তমান পূর্বাভাসে ভারতের পূর্ব উপকূলকেই সম্ভাব্য প্রভাবের প্রধান এলাকা হিসেবে দেখা হচ্ছে। তবে সিস্টেমটি তৈরি হওয়ার পর এর গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসেও ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি দুর্বল ঘূর্ণাবর্ত গঠনের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এসব মডেলের পূর্বাভাস নিয়মিত পরিবর্তিত হচ্ছে। ফলে সম্ভাব্য সিস্টেমটি শেষ পর্যন্ত কোন পর্যায়ে শক্তিশালী হবে বা কোথায় প্রভাব ফেলবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্নব’ হতে পারে-এমন তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নামের তালিকায় ‘‘অর্নব’’ নামটি বাংলাদেশের দেওয়া নাম হিসেবে রয়েছে। তবে কোনো সিস্টেম ঘূর্ণিঝড়ের নির্ধারিত তীব্রতায় পৌঁছানোর পরই সংশ্লিষ্ট আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র নামটি ব্যবহার করে।

আইএমডির সামুদ্রিক আবহাওয়া বুলেটিন অনুযায়ী, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশার উপকূলীয় এলাকাতেও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সর্বশেষ বুলেটিনে উত্তর ও দক্ষিণ ওডিশার সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি এবং ঝড়ো জলোচ্ছ্বাসের সতর্কতাও নেই।

আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের ওপর নজর রাখছে আইএমডি। নিম্নচাপটি তৈরি হওয়ার পর এর গতিপথ ও শক্তি সম্পর্কে আরও নির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার