বিজ্ঞাপন
বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত?
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:০১ এএম
বিজ্ঞাপন
ঈদের ছুটিতে যানবাহনের চাপ কমে যাওয়া এবং বৃষ্টিপাতের প্রভাবে রাজধানী ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। যদিও টানা দুই দিন বৃষ্টি না হওয়ায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে, তবুও শহরটির বাতাস বর্তমানে সহনীয় অবস্থায় রয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ৮২। এ স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি দূষিত প্রধান শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৯তম। একিউআই সূচক অনুযায়ী ঢাকার বায়ুর মান বর্তমানে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার একিউআই স্কোর ২১৭। দ্বিতীয় অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসার স্কোর ১৮৯ এবং তৃতীয় স্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর ১৫০। এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ১৪২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়।