Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন।

অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন।

শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়।

এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার