Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

বিজ্ঞাপন

ফেসবুকের ‘পিপল ইউ মে নো’ তালিকায় প্রায়ই পরিচিত কিংবা অপরিচিত ব্যক্তিদের প্রোফাইল দেখতে পাওয়া যায়। একইভাবে অন্য ব্যবহারকারীদের কাছেও ফ্রেন্ড রিকোয়েশনের পরামর্শ হিসেবে প্রদর্শিত হতে পারে নিজের অ্যাকাউন্ট। ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, মিউচুয়াল বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা কিংবা অন্য ব্যবহারকারীর আপলোড করা ফোনের কন্টাক্ট তালিকাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব পরামর্শ দেয় ফেসবুক।

তবে কয়েকটি প্রাইভেসি সেটিংস পরিবর্তন করে অন্যদের কাছে নিজের প্রোফাইল ফ্রেন্ড সাজেশন হিসেবে প্রদর্শিত হওয়ার সুযোগ অনেকটাই সীমিত করা সম্ভব। এজন্য ফেসবুকের কিছু নির্দিষ্ট সেটিংস পরিবর্তন করতে হবে।

ফোন নম্বর ও ই-মেইল দিয়ে খুঁজে পাওয়ার সুযোগ বন্ধ করুন

প্রথমে ফেসবুক অ্যাপের প্রোফাইল ছবি বা মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ বিভাগের ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ অপশন নির্বাচন করতে হবে।

সেখানে ‘পিপল উইথ ইয়োর ফোন নাম্বার’ এবং ‘পিপল উইথ ইয়োর ই-মেইল অ্যাড্রেস’ অপশনে আলাদাভাবে প্রবেশ করে ‘নো ওয়ান’ নির্বাচন করতে হবে। এর ফলে ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার ভিত্তিতে অন্যদের কাছে নিজের প্রোফাইল সাজেস্ট করার সুযোগ বন্ধ হবে।

তবে মনে রাখতে হবে, এই সেটিংস পরিবর্তন করলেই সব ধরনের ফ্রেন্ড সাজেশন বন্ধ হবে না। মিউচুয়াল বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা কিংবা অন্যান্য তথ্যের ভিত্তিতে অন্যদের কাছে প্রোফাইলটি প্রদর্শিত হতে পারে।

ফোনের কন্টাক্ট আপলোড বন্ধ করুন

ফেসবুক ও মেসেঞ্জারে ফোনের কন্টাক্ট তালিকা আপলোডের সুবিধা চালু থাকলে সেখানকার সংরক্ষিত নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করেও পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টের পরামর্শ দেওয়া হতে পারে। তাই এই সুবিধা বন্ধ রাখলে প্রোফাইল সাজেশনের একটি পথ সীমিত করা সম্ভব।

এজন্য ফেসবুক অ্যাপের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ হয়ে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’ নির্বাচন করে ‘আপলোড কন্টাক্টস’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে নিজের ফেসবুক অ্যাকাউন্ট নির্বাচন করে কন্টাক্ট আপলোডের সুবিধা বন্ধ করতে হবে।    

আরও পড়ুন
তবে শুধু আপলোড বন্ধ করলেই আগে থেকে আপলোড করা কন্টাক্ট তালিকা মুছে যায় না। সেগুলো সরাতে মেটার ‘ম্যানেজ ইয়োর আপলোডেড কন্টাক্টস’ পেজে গিয়ে আগের সংরক্ষিত তথ্য মুছে ফেলতে হবে। এ ছাড়া মেসেঞ্জারে কন্টাক্ট আপলোডের জন্য আলাদা সেটিংস থাকায় সেখানেও একইভাবে সুবিধাটি বন্ধ করতে হবে।

অপ্রয়োজনীয় সাজেশন ও প্রোফাইলের দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করুন

‘পিপল ইউ মে নো’ তালিকায় নির্দিষ্ট কোনও ব্যক্তির প্রোফাইল দেখতে না চাইলে তার নামের পাশে থাকা ‘রিমুভ’ অপশনে ট্যাপ করা যায়। এতে ওই ব্যক্তির পরামর্শটি নিজের তালিকা থেকে সরে যাবে।

অন্যদিকে, নির্দিষ্ট কোনও ব্যক্তির কাছে নিজের প্রোফাইলের দৃশ্যমানতা সীমিত করতে চাইলে তাকে ব্লক করা যেতে পারে। তবে এটি কেবল ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রোফাইল দেখার সুযোগ সীমিত করবে।

উল্লেখ্য, ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সুবিধাটি সবার জন্য স্থায়ীভাবে বন্ধ করার কোনও একক সেটিংস নেই। তাই এসব পরিবর্তনের মাধ্যমে অন্যদের কাছে নিজের প্রোফাইল সাজেস্ট হওয়ার কিছু পথ বন্ধ করা গেলেও সব ধরনের ফ্রেন্ড সাজেশন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার