বিজ্ঞাপন
ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক
আইটি ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযোজন করেছে উবার ইটস। এখন থেকে নির্দিষ্ট এলাকার গ্রাহকেরা রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি কর্মীর পরিবর্তে স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে তা বাড়িতে পৌঁছে নিতে পারবেন। ড্রোনে খাবার সরবরাহের এই সেবা মঙ্গলবার, ১৭ নভেম্বর, টেক্সাসের হিউস্টন শহরের উপকণ্ঠ স্প্রিং এলাকায় চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান জিপলাইনের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার ইটস।
এ সেবার মাধ্যমে গ্রাহকেরা উবার ইটস অ্যাপে ‘ড্রোন’ আইকনে প্রবেশ করে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোর তালিকা দেখতে পারবেন। সেখান থেকে খাবার অর্ডার করার পাশাপাশি বাড়ির সামনে ড্রোন থেকে খাবার নামানোর উপযোগী খোলা জায়গা নির্ধারণ করতে হবে। অর্ডারটি ড্রোনের মাধ্যমে পৌঁছানোর পুরো প্রক্রিয়াও অ্যাপে সরাসরি অনুসরণ করা যাবে।
মঙ্গলবার ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিটি তুলে ধরে উবার ইটস ও জিপলাইন। এ সময় এবিসি নিউজের সাংবাদিক জিও বেনিতেজ স্প্রিং এলাকার একটি বাড়িতে সাবওয়ে থেকে খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারি সরাসরি দেখেন। রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হওয়ার পর জিপলাইনের ড্রোন সেটি নিয়ে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যায়। এরপর মাটি থেকে ৩০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থান করেই বিশেষ দড়ির সাহায্যে খাবারভর্তি পাত্রটি বাড়ির সামনের খোলা জায়গায় নামিয়ে দেয়।
জিপলাইনের প্রধান নির্বাহী কেলার ক্লিফটন জানান, এই প্রযুক্তির লক্ষ্য হলো সাধারণ পরিবারগুলোর কাছে ১০ মিনিটেরও কম সময়ে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। তাঁর দাবি, ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে চলতে পারে এবং একবারে সর্বোচ্চ আট পাউন্ড ওজনের খাবার বহন করতে সক্ষম। অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে সর্বোচ্চ ১০ মাইল দূরত্বের মধ্যে থাকা গ্রাহকেরা এ সুবিধা পাবেন।
জিপলাইন জানিয়েছে, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চলাচলের উপযোগী করেও ড্রোনগুলো তৈরি করা হয়েছে। শব্দ কমানোর জন্য ড্রোনের উড়ার পথ ও উচ্চতা নির্ধারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে খাবার নামানোর কারণে আশপাশে শব্দের প্রভাবও তুলনামূলক কম থাকে বলে দাবি প্রতিষ্ঠানটির।
প্রাথমিকভাবে স্প্রিং এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। শুরুতে জার্সি মাইকস, জ্যাক্সবিস, আরবান বার্ড এবং আবু ওমর হালালসহ কয়েকটি রেস্তোরাঁ এ ব্যবস্থায় যুক্ত হয়েছে। ড্রোনে খাবার সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের টিপ দেওয়ার প্রয়োজন হবে না। তবে চাইলে তাঁরা অ্যাপের মাধ্যমে ডেলিভারির অভিজ্ঞতা সম্পর্কে মূল্যায়ন জানাতে পারবেন। যারা প্রচলিত পদ্ধতিতে ডেলিভারি নিতে চান, তাঁদের জন্য ডেলিভারি কর্মীর মাধ্যমে খাবার পাওয়ার ব্যবস্থাও চালু থাকবে।
স্প্রিং এলাকায় সেবা চালুর পর পরবর্তী পর্যায়ে ডালাসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন শহরে ড্রোন ডেলিভারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উবার ইটস ও জিপলাইনের। প্রতিষ্ঠান দুটির লক্ষ্য, ২০২৯ সালের শেষ নাগাদ প্রতিদিন ১০ লাখ ড্রোন ডেলিভারি সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফলভাবে সম্প্রসারিত হলে যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সেবাটি নির্দিষ্ট এলাকার গ্রাহক ও অংশগ্রহণকারী রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ।