বিজ্ঞাপন
১৭ই নভেম্বর টেলিস্কোপ ছাড়াই আকাশে দেখা যাবে বিরল দৃশ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
বিজ্ঞাপন
শীতের আগমনী বার্তার মধ্যেই রাতের আকাশে দেখা মিলতে পারে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। চলতি মাসে লিওনিড উল্কাবৃষ্টির সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন আকাশপ্রেমীরা। আবহাওয়া অনুকূলে থাকলে কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে দেখা যাবে আকাশজুড়ে ছুটে চলা আলোর রেখা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর দিবাগত রাতে লিওনিড উল্কাবৃষ্টির সবচেয়ে ভালো দৃশ্য দেখার সম্ভাবনা রয়েছে। ওই সময় প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলন্ত আলোর রেখা তৈরি করতে পারে। সাধারণভাবে যেগুলোকে আমরা তারাখসা বলে চিনি।
নাসার তথ্যমতে, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই উল্কাবৃষ্টির কার্যক্রম চলতে পারে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে ১৭ নভেম্বর মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সময়টিকে পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছে। এ সময় মধ্যরাতের দিকে চাঁদ অস্ত যাওয়ায় আকাশ তুলনামূলক অন্ধকার থাকবে। ফলে উল্কাগুলো দেখার সম্ভাবনাও বাড়বে।
লিওনিড উল্কাবৃষ্টির পেছনে রয়েছে টেম্পল-টুটল (55P/Tempel-Tuttle) নামের একটি ধূমকেতু। সূর্যকে প্রদক্ষিণ করার সময় ধূমকেতুটি মহাকাশে ধুলাবালি ও ক্ষুদ্র কণার একটি পথ রেখে যায়। পৃথিবী প্রতিবছর নভেম্বর মাসে সেই ধূলিকণার অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। তখনই রাতের আকাশে উল্কাবৃষ্টির দৃশ্য তৈরি হয়।
এই দৃশ্য দেখতে টেলিস্কোপ কিংবা বাইনোকুলারের প্রয়োজন নেই। শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো খোলা জায়গায় অবস্থান করাই ভালো। আকাশ পরিষ্কার থাকলে এবং চোখ অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেলে উল্কাগুলো তুলনামূলক স্পষ্ট দেখা যেতে পারে।
তাই মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করতে চাইলে ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সময়টি কাজে লাগাতে পারেন আকাশপ্রেমীরা।