Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

বিজ্ঞাপন

মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে সফলভাবে ধরা পড়েছে স্টারশিপ মহাকাশযান। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রায় সাড়ে ২২ ঘণ্টার অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মহাকাশযানটি। সফল প্রত্যাবর্তনের মুহূর্তে স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়োট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বাস করতে পারছেন?’ তবে অভিযানের প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে স্পেসএক্স। প্রায় ৪০৭ ফুট উচ্চতার রকেটটির দুটি প্রধান অংশ রয়েছে। নিচের অংশ সুপার হেভি বুস্টার এবং ওপরের অংশ স্টারশিপ মহাকাশযান। উৎক্ষেপণের পর দুটি অংশ আলাদা হয়ে যায়। স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে।

পরে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে স্টারশিপ। শনিবার কক্ষপথ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে এটি ধীরে ধীরে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রের দিকে এগিয়ে আসে। শেষ পর্যায়ে ইঞ্জিনের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে প্রায় ১৭১ ফুট দীর্ঘ মহাকাশযানটি। এরপর উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু, যা ‘চপস্টিকস’ নামে পরিচিত, সেটিকে মাঝ আকাশে ধরে ফেলে। এর আগে স্পেসএক্স সুপার হেভি বুস্টার উদ্ধার করলেও কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশ প্রথমবারের মতো এভাবে উদ্ধার করতে সক্ষম হলো।

তবে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়নি। উৎক্ষেপণের পর সুপার হেভি বুস্টারটিরও টাওয়ারে ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু ফেরার পথে এর ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণব্যবস্থা সমস্যা শনাক্ত করার পর বুস্টারটিকে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নেওয়া হয়। পরে সেটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ফলে একই অভিযানে রকেটের দুটি অংশই সফলভাবে উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বুস্টারের ব্যর্থতার কারণ তদন্ত করছে স্পেসএক্স।

স্টারশিপের সফল প্রত্যাবর্তন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্পেসএক্সের লক্ষ্য, একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করে উৎক্ষেপণের খরচ কমানো। কক্ষপথে পাঠানো মহাকাশযানকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। তবে উদ্ধার করা স্টারশিপটি আবার উৎক্ষেপণ করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।

এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সাফল্যকে স্বাগত জানিয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতে ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে স্পেসএক্সের। তবে এসব অভিযানের আগে মহাকাশে জ্বালানি স্থানান্তর, নিরাপদ অবতরণ এবং একই মহাকাশযান পুনরায় ব্যবহারের সক্ষমতা প্রমাণ করতে হবে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার