Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা ব্যাংক লেনদেনসংক্রান্ত বার্তায় শুধু ‘নো’ লিখে উত্তর দিলেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা খোয়া যেতে পারে— এমন সতর্কবার্তা দিয়েছেন ভারতের হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার। তার দাবি, সাইবার অপরাধীরা আতঙ্ক সৃষ্টি করে ব্যবহারকারীদের কাছ থেকে উত্তর আদায়ের মাধ্যমে নতুন ধরনের প্রতারণার চেষ্টা করছে। এ ধরনের বার্তায় সাড়া না দিয়ে সরাসরি ব্যাংকের নির্ভরযোগ্য মাধ্যমে লেনদেন যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সজ্জনার জানান, নতুন এই প্রতারণায় ব্যবহারকারীদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ‘অটো-এক্সিকিউশন ফাইল অ্যাটাক’ নামে একটি কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাগরিকদের সতর্ক করতে তিনি একটি ভিডিওও প্রকাশ করেছেন।

সজ্জনারের বর্ণনা অনুযায়ী, প্রতারণার শুরুতে অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ভুয়া বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ব্যবহারকারীর ব্যাংক হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়েছে। এরপর আরেকটি বার্তায় বলা হয়, ওই লেনদেন ব্যবহারকারী না করে থাকলে দ্রুত ‘না’ লিখে উত্তর দিতে হবে।

বার্তাটি দেখে আতঙ্কিত হয়ে উত্তর দিলে বিপদে পড়তে পারেন ব্যবহারকারী— এমন দাবি করেছেন পুলিশ কমিশনার। তার ভাষ্য, প্রতারকেরা প্রযুক্তির অপব্যবহার করে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়া এবং ব্যাংক হিসাবের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমনকি একজন সনদপ্রাপ্ত হিসাবরক্ষকও এ ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

যেভাবে নিরাপদ থাকবেন

অপরিচিত নম্বর থেকে ব্যাংক লেনদেনসংক্রান্ত কোনো বার্তা এলে আতঙ্কিত হয়ে ‘ইয়েস’ বা ‘নো’ লিখে উত্তর না দেওয়ার পরামর্শ দিয়েছেন সজ্জনার। সন্দেহজনক নম্বরটি বন্ধ করে বার্তাটি মুছে ফেলতে বলেছেন তিনি।

ব্যাংক হিসাব থেকে সত্যিই টাকা কাটা হয়েছে কি না, তা যাচাই করতে হোয়াটসঅ্যাপের বার্তার ওপর নির্ভর না করে ব্যাংকের নিজস্ব অ্যাপ বা আনুষ্ঠানিক মাধ্যমে খোঁজ নেওয়া উচিত। অপরিচিত নম্বর থেকে আসা বার্তার মাধ্যমে লেনদেন যাচাই না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার