বিজ্ঞাপন
ফেসবুকে বন্ধ হচ্ছে পরিচিত ‘রিচ’, জায়গা নিচ্ছে নতুন সূচক ‘ভিউয়ারস’
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ এএম
বিজ্ঞাপন
ফেসবুকে কনটেন্ট কতজন আলাদা দর্শকের কাছে পৌঁছাচ্ছে, সেই হিসাব দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আসছে। পরিচিত ‘রিচ’ সূচকের জায়গায় গুরুত্ব পাচ্ছে ‘ভিউয়ারস’। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যানিলা শেকারের ২০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে ফেসবুক অ্যানালিটিকসে রিচের পরিবর্তে ভিউয়ারস ব্যবহার করা হবে। তবে পরিবর্তনটিকে কনটেন্ট মানুষের কাছে পৌঁছানো বন্ধ হয়ে যাওয়া হিসেবে বোঝার সুযোগ নেই। এটি দর্শকসংখ্যা পরিমাপ ও প্রদর্শনের পরিবর্তন।
ভিউয়ারস দিয়ে বোঝানো হয়, নির্ধারিত সময়ে কতটি আলাদা অ্যাকাউন্ট কোনো কনটেন্ট দেখেছে। একই অ্যাকাউন্ট একাধিকবার দেখলেও আলাদা দর্শকের হিসাবে সেটিকে একবারই গণনা করা হয়। পেজ পরিচালনাকারী, সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের জন্য এই সূচক দর্শকের বিস্তার বোঝার কাজে ব্যবহৃত হবে।
অন্যদিকে ‘ভিউস’ ও ‘ভিউয়ারস’ এক বিষয় নয়। ভিউস হলো কনটেন্ট কতবার দেখা বা প্রদর্শিত হয়েছে, তার হিসাব। এতে একই ব্যক্তির একাধিকবার দেখাও যুক্ত হতে পারে। ফলে একটি পোস্টের ভিউস বেশি হলেও তার অর্থ এই নয় যে সমানসংখ্যক আলাদা মানুষ পোস্টটি দেখেছেন।
রিচ থেকে ভিউয়ারসভিত্তিক হিসাবে যাওয়ার প্রক্রিয়া অবশ্য আগেই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম আইকনোস্কোয়ারের নথি অনুযায়ী, তৃতীয় পক্ষের অ্যানালিটিকস সেবায় ব্যবহৃত ফেসবুকের পুরোনো একাধিক রিচ সূচক সরানোর সময় নির্ধারিত ছিল চলতি বছরের ১৫ জুন। ওই পরিবর্তনের জন্য প্রতিষ্ঠানটি জুন থেকেই ভিউয়ারসভিত্তিক তথ্য ব্যবহার শুরু করে। তাই অ্যাপ, ড্যাশবোর্ড ও বাইরের বিশ্লেষণসেবায় পরিবর্তন দেখানোর সময় এক নাও হতে পারে।
পুরোনো রিচ ও নতুন ভিউয়ারসের সংখ্যা সরাসরি তুলনা করলেও সতর্কতা প্রয়োজন। এমপ্লিফাইয়ের ব্যাখ্যা অনুযায়ী, আগের হিসাবে কনটেন্ট স্ক্রিনে আসার ভিত্তিতে আলাদা দর্শক গণনা করা হতো। নতুন হিসাবে কনটেন্ট চালু হওয়া বা প্রদর্শিত হওয়ার ভিত্তিতে দর্শক গণনা করা হচ্ছে। সংজ্ঞা ও গণনাপদ্ধতি বদলানোর কারণে সংখ্যার পরিবর্তন দেখা যেতে পারে, যা সব ক্ষেত্রে দর্শক বাড়া বা কমার সমান নয়।
তৃতীয় পক্ষের কিছু বিশ্লেষণসেবায় অর্গানিক, পেইড, ভাইরাল ও ননভাইরাল রিচের পুরোনো বিভাজনও আর পাওয়া যাচ্ছে না। আইকনোস্কোয়ার জানিয়েছে, নতুন ভিউয়ারস সূচকে মোট আলাদা দর্শকের হিসাব থাকলেও আগের মতো এসব ভাগ নেই। ফলে নিয়মিত পেজের পারফরম্যান্স প্রতিবেদন তৈরির সময় কোন সূচক ও কোন সময়ের তথ্য ব্যবহার করা হচ্ছে, তা স্পষ্ট রাখা প্রয়োজন।