বিজ্ঞাপন
তিন দেশে কোম্পানি চালান ১২ বছর বয়সের ৭ম শ্রেণির মানা!
আইটি ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:০৪ এএম
বিজ্ঞাপন
বাবার কর্মস্থলে ব্যস্ততার কারণে অনেক ফোনের উত্তর দেওয়া হতো না। ছোট একটি প্রতিষ্ঠানের এই সমস্যা দেখেই ভার্চুয়াল রিসেপশনিস্ট ‘ভক্সা’ তৈরি করেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বসবাসকারী ১২ বছরের মানা জামপালা। ২০২৫ সালের নভেম্বরে চালু করা সেবাটির লক্ষ্য, কর্মীর স্বল্পতায় ছোট ব্যবসাগুলো যাতে সম্ভাব্য ক্রেতার ফোন হারিয়ে না ফেলে। বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উদ্যোগের কথা জানিয়েছে মানা।
মানার ভাষ্য অনুযায়ী, ১১ বছর বয়সে বাবার কর্মস্থলে গিয়ে সে দেখত, অল্প কয়েকজন কর্মী কাজ সামলাতে গিয়ে সব ফোন ধরতে পারছেন না। কখনো তাঁরা ফোনের শব্দ খেয়াল করতেন না, কখনো ব্যস্ততার কারণে উত্তর দিতে পারতেন না। এই অভিজ্ঞতা থেকেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের উত্তর দেওয়ার ব্যবস্থা তৈরির চিন্তা আসে তার।
ভক্সা সার্বক্ষণিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য তৈরি। এটি ফোনের উত্তর দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট বুক করা, রেস্টুরেন্টের অর্ডার নেওয়া এবং কথোপকথনের সারসংক্ষেপ তৈরির মতো কাজ করতে পারে। জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে মানা জানিয়েছিল, সেবাটি এরই মধ্যে কয়েক শ কল সামলেছে। তবে সে সময় প্রথম অর্থপ্রদানকারী গ্রাহক পাওয়ার চেষ্টা করছিল সে।
প্রযুক্তির প্রতি মানার আগ্রহ শুরু হয় নয় বছর বয়সে। এরপর স্ক্র্যাচ কোডিং ক্যাম্পে অংশ নেওয়া ও পাইথন শেখার পাশাপাশি নিজের প্রকল্প নিয়ে কাজ করতে থাকে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতে বেড়াতে গিয়ে কলেজ পর্যায়ের একটি বিজ্ঞান প্রতিযোগিতায় বিশেষ পুরস্কারও পেয়েছে সে। তরুণ উদ্যোক্তাদের সহায়তাকারী ১৫১৭ মেডিচি প্রজেক্ট থেকে অনুদান পেয়েছে মানা।
সফটওয়্যার তৈরিতে কোডিং সহায়ক প্রযুক্তি ব্যবহার করলেও একবারে পুরো প্রোগ্রাম তৈরি করায়নি মানা। তার বক্তব্য অনুযায়ী, ছোট ছোট অংশের কোড তৈরি করে সেগুলো পরীক্ষা করেছে, ত্রুটি খুঁজেছে এবং সংশোধন করেছে। শুরুতে অন্য প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করলেও পরে নিজের তৈরি ব্যবস্থায় কাজ এগিয়ে নিয়েছে।
কম বয়সে ব্যবসায়িক উদ্যোগ নিয়ে এগোতে গিয়ে সংশয়ের মুখেও পড়তে হয়েছে তাকে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে সরাসরি সেবা তুলে ধরার সময় অনেকেই তার বয়স ও অভিভাবকের সহায়তা নিয়ে প্রশ্ন করেছেন। অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে অবশ্য আলোচনায় সেবাটির কার্যকারিতা বেশি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে মানা। ভক্সার পাশাপাশি সাধারণ ভাষায় নির্দেশ দিয়ে ভার্চুয়াল সহকারী তৈরির জন্য ‘ভক্সা এজেন্টস’ নামেও আরেকটি প্ল্যাটফর্ম চালু করেছে সে।