Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন বিস্ফোরণের কারণ ও বাঁচার উপায়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

মোবাইল ফোন বিস্ফোরণের কারণ ও বাঁচার উপায়

বিজ্ঞাপন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ, বিনোদন, দাপ্তরিক কাজ থেকে শুরু করে অনলাইন লেনদেন- বিভিন্ন প্রয়োজনে দিনের অধিকাংশ সময়ই ফোন ব্যবহার করেন অনেকে। তবে অসতর্ক ব্যবহার এবং ব্যাটারির ত্রুটির কারণে এই ডিভাইস কখনো কখনো দুর্ঘটনার কারণ হতে পারে।

বিশেষ করে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া, নিম্নমানের চার্জার ব্যবহার কিংবা ব্যাটারিতে শারীরিক আঘাত লাগার মতো ঘটনা থেকে আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি এর নিরাপত্তার বিষয়েও সচেতন থাকা জরুরি।

কেন বিস্ফোরিত হতে পারে স্মার্টফোন?

অতিরিক্ত ব্যবহার ও তাপমাত্রা বৃদ্ধি: দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও দেখা কিংবা জিপিএস ব্যবহার করলে ফোনের প্রসেসরের ওপর চাপ বাড়ে। এতে ডিভাইস গরম হয়ে যেতে পারে।

বিশেষ করে গরম আবহাওয়ায় ফোনের তাপমাত্রা বেড়ে গেলে ব্যাটারির ওপরও প্রভাব পড়ে। অতিরিক্ত তাপের কারণে ব্যাটারির ভেতরে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, যা একপর্যায়ে আগুন লাগার ঝুঁকি তৈরি করে।

নিম্নমানের চার্জার ও কেবল: ফোনের উপযোগী নয়, এমন চার্জার বা ক্ষতিগ্রস্ত কেবল ব্যবহার করলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিতে পারে।

এতে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়া, শর্ট সার্কিট কিংবা আগুন লাগার আশঙ্কা থাকে। তাই ফোন প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।

ব্যাটারির ত্রুটি ও শারীরিক আঘাত: ফোন হাত থেকে পড়ে গেলে কিংবা ব্যাটারিতে চাপ লাগলে এর অভ্যন্তরীণ কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

আবার পুরোনো বা ত্রুটিপূর্ণ ব্যাটারিও বিপজ্জনক হয়ে উঠতে পারে। ব্যাটারি ফুলে যাওয়া, ফোনের পেছনের অংশ উঁচু হয়ে আসা কিংবা অস্বাভাবিক গরম হওয়া সম্ভাব্য সমস্যার লক্ষণ।

অতিরিক্ত গরম জায়গায় ফোন রাখা: সরাসরি সূর্যের আলো, বন্ধ গাড়ির ভেতর কিংবা বালিশ ও কম্বলের নিচে ফোন রাখলে তাপ বের হওয়ার পথ বাধাগ্রস্ত হতে পারে। এতে ফোনের তাপমাত্রা বেড়ে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

দুর্ঘটনা এড়াতে করণীয়

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। চার্জের সময় ফোন বিছানা, বালিশ বা কম্বলের ওপর না রেখে সমতল ও শক্ত জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।

চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিক গরম হয়ে গেলে চার্জার খুলে ঠান্ডা হতে দিন। চার্জরত অবস্থায় দীর্ঘক্ষণ গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহার না করাই ভালো।

ফোনের জন্য মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করুন। ছেঁড়া তার, ঢিলা সংযোগ কিংবা ক্ষতিগ্রস্ত চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

একই সঙ্গে ফোনকে অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে রাখুন। বিশেষ করে রোদে রাখা বন্ধ গাড়ির ভেতরে ফোন ফেলে রাখা উচিত নয়।

আধুনিক স্মার্টফোনে সাধারণত চার্জ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তাই পূর্ণ চার্জ হওয়ার পর ফোন কিছুক্ষণ সংযুক্ত থাকলেই বিস্ফোরণ ঘটবে, এমন ধারণা সঠিক নয়।

তবে নিরাপত্তার জন্য দীর্ঘ সময় অপ্রয়োজনে চার্জে লাগিয়ে রাখা এড়িয়ে চলুন। রাতে চার্জ দেওয়ার সময় প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলুন এবং ফোনের ওপর কোনো কিছু চাপা দিয়ে রাখবেন না।

ব্যাটারি ফুলে গেলে, ফোনের গায়ে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে কিংবা বারবার অতিরিক্ত গরম হলে বিষয়টি অবহেলা করবেন না।

এমন অবস্থায় ফোন ব্যবহার ও চার্জ দেওয়া বন্ধ করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। ফোলা ব্যাটারি নিজে খুলে ফেলা, চাপ দেওয়া বা ফুটো করার চেষ্টা করবেন না।

নিরাপদ ব্যবহারে সচেতনতাই প্রধান

স্মার্টফোন বিস্ফোরণের ঝুঁকি কমাতে নিয়মিত সফটওয়্যার আপডেটের পাশাপাশি ব্যাটারি ও চার্জিং সরঞ্জামের অবস্থার দিকে নজর রাখা প্রয়োজন।

তবে শুধু ফোন রিস্টার্ট করলেই ব্যাটারির অতিরিক্ত তাপ বা বিস্ফোরণের ঝুঁকি দূর হয় না। বরং সঠিক চার্জিং পদ্ধতি, মানসম্মত সরঞ্জাম ব্যবহার এবং ত্রুটিপূর্ণ ব্যাটারি দ্রুত পরিবর্তনের মাধ্যমেই দুর্ঘটনার আশঙ্কা কমানো সম্ভব। সামান্য সচেতনতা স্মার্টফোনের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার