Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানোর প্রস্তাব

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানোর প্রস্তাব

বিজ্ঞাপন

মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালান্স নেওয়ার সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। এ ক্ষেত্রে ২০০ টাকার বেশি থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যালান্স নিলে সর্বোচ্চ ১০ টাকা সেবা ফির সঙ্গে কর যুক্ত হয়ে মোট ফি দাঁড়াতে পারে ১৩ টাকা ৯০ পয়সা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে নতুন সীমা ও ফি কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেয়। এ ক্ষেত্রে করসহ সেবা ফি ২ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে, টেলিটকের সর্বোচ্চ সীমা ৫০ টাকা।

অপারেটরগুলোর ভাষ্য, বর্তমান সীমায় অনেক সময় গ্রাহকেরা প্রয়োজনীয় ডেটা বা মিনিটের প্যাকেজ কিনতে পারেন না। সীমা বাড়ানো হলে বেশি দামের প্যাকেজ কেনার সুযোগ তৈরি হবে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ বলেন, কোনো প্যাকেজের দাম ৩১০ টাকা হলে ২০০ টাকার ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে সেটি কেনা সম্ভব নয়। সীমা বাড়লে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী বেশি দামের প্যাকেজ কিনতে পারবেন।

অপারেটরদের সংগঠন অ্যামটব গত ২৩ জুলাই বিটিআরসির কাছে ৫০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেওয়ার প্রস্তাব জমা দেয়। প্রস্তাবে ১০ টাকা পর্যন্ত ব্যালান্সে ফি না রাখা, ১০ থেকে ২০০ টাকায় ২ টাকা এবং ২০০ থেকে ৫০০ টাকায় সর্বোচ্চ ১৫ টাকা ফি নির্ধারণের কথা বলা হয়। পরে ২০ আগস্ট বিটিআরসি ও অ্যামটবের সভায় সর্বোচ্চ ফি ১০ টাকা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে ফি নির্ধারণ নিয়ে অপারেটরগুলোর মধ্যে মতভেদ রয়েছে। গ্রামীণফোন, রবি ও টেলিটক প্রস্তাবে সম্মত হলেও বাংলালিংক ব্যালান্সের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এতে কিছু ক্ষেত্রে ২০০ টাকার কম ব্যালান্স নিলেও গ্রাহকের ফি বাড়তে পারে।

এর আগে ৩ মার্চ গ্রামীণফোন সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেওয়ার অনুমতি চেয়ে বিটিআরসিকে চিঠি দেয়। এ জন্য সর্বোচ্চ ২০ টাকা ফি রাখার প্রস্তাবও দিয়েছিল প্রতিষ্ঠানটি। অন্য অপারেটরগুলো এতে আপত্তি জানালে সব অপারেটরের জন্য অভিন্ন প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয় অ্যামটবকে।

বিটিআরসির অনুমোদনের পরই ইমার্জেন্সি ব্যালান্সের নতুন সীমা ও ফি কাঠামো কার্যকর হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার