Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?

বিজ্ঞাপন

গ্রাহকদের জন্য মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালান্স নেওয়ার সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি কার্যকর হলে গ্রাহকদের ৫০০ টাকা ব্যালান্সের সঙ্গে ১০ টাকা সেবা ফি এবং এর ওপর প্রযোজ্য করও দিতে হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। চলতি মাসে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়ানোর প্রস্তাবের পক্ষে মোবাইল অপারেটরগুলো যুক্তি দিয়েছে, এতে গ্রাহকেরা বেশি দামের প্যাকেজ কিনতে পারবেন। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। ফলে ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানো হলে গ্রাহকদের ঠিক কত টাকা ফি দিতে হবে, তা নির্ভর করছে বিটিআরসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী সংবাদ মাধ্যমকে জানান, ‘ইমার্জেন্সি ব্যলেন্সে সার্ভিস ফি কত টাকা হবে, তা নিয়ে আলোচনা চলছে। চলতি মাসে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিটিআরসির নথিপত্র অনুযায়ী, ২০১৯ সাল থেকে দেশের চার মোবাইল অপারেটর গ্রাহকদের ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে আসছে। এর মধ্যে ১০ টাকা পর্যন্ত ব্যালান্স নিতে কোনো সেবা ফি দিতে হয় না। তবে এর বেশি অঙ্কের ব্যালান্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়।

বর্তমানে দেশে ১৯ কোটির বেশি সিম সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়িত হলে জরুরি প্রয়োজনে গ্রাহকেরা আগের তুলনায় বেশি ব্যালান্স নেওয়ার সুযোগ পাবেন। তবে বাড়তি ব্যালান্সের সঙ্গে সেবা ফি ও কর যুক্ত হলে গ্রাহকের ব্যয়ও বাড়তে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার