বিজ্ঞাপন
'আজ টাকা আছে, আগে ছিল না', স্ত্রীর জন্য আইফোন ১৮ প্রো কিনতে স্বর্ণ বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
বিজ্ঞাপন
ভারতের নয়ডায় আইফোন ১৮ প্রো কিনতে অ্যাপল স্টোরের সামনে ভোর থেকেই অপেক্ষা করছিলেন দিল্লির এক ব্যক্তি। ১৮ সেপ্টেম্বর ভারতে নতুন আইফোন বিক্রি শুরুর দিন তিনি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টেককে জানান, স্ত্রীর জন্য ফোনটি কিনতে তিনি সোনা বিক্রি করেছেন। তার স্ত্রীর পছন্দ ছিল নতুন বারগান্ডি রঙের আইফোন ১৮ প্রো।
নয়ডার ডিএলএফ মল অব ইন্ডিয়ায় অ্যাপল স্টোর খোলার আগেই ক্রেতাদের দীর্ঘ লাইন তৈরি হয়। সকাল ৮টায় দোকান খোলার কথা থাকলেও নতুন আইফোন হাতে পেতে অনেকেই তার আগেই সেখানে জড়ো হন। সেই অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যেই ছিলেন দিল্লির ওই ব্যক্তি।
ইন্ডিয়া টুডে টেকের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ফোনটি তিনি নিজের জন্য নয়, স্ত্রীকে উপহার দেওয়ার জন্য কিনছেন। তার স্ত্রীর পছন্দ হয়েছে আইফোন ১৮ প্রোর নতুন বারগান্ডি রঙ। তিনি আরও জানান, তার স্ত্রী আগে আইফোন ব্যবহার করতেন না। তাই নতুন ফোনটি উপহার দিয়ে তাকে আইফোন ব্যবহারের সুযোগ করে দিতে চেয়েছেন।
কেন এত দামি ফোন কেনার সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, “আজ টাকা আছে, আগে ছিল না।” তার বক্তব্য অনুযায়ী, বর্তমানে হাতে অর্থ থাকায় পছন্দের জিনিস কেনার সুযোগটি কাজে লাগাতে চেয়েছেন তিনি।
তবে ফোনটি কেনার অর্থ জোগাড় করতে তাকে সোনা বিক্রি করতে হয়েছে। ইন্ডিয়া টুডে টেকের প্রতিবেদনে ওই ব্যক্তি নিজেই বিষয়টি জানিয়েছেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে স্ত্রীর প্রতি ভালোবাসা ও উপহার দেওয়ার ইচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এত দামি স্মার্টফোন কেনার জন্য সোনা বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে ভারতে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন ঘিরে দেশটির বিভিন্ন অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও ভিড়ের খবরও সামনে এসেছে। নয়ডার ওই ব্যক্তির সোনা বিক্রি করে স্ত্রীর জন্য আইফোন কেনার ঘটনা নতুন মডেল ঘিরে মানুষের আগ্রহের মধ্যেই আলাদা করে আলোচনায় এসেছে।