বিজ্ঞাপন
যেকোনো সময় ঘটতে পারে এআই বিপর্যয়, মানবজাতিকে সতর্ক করলেন শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি জায়ান্টরা
আইটি ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ এএম
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য যেকোনো দিন এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন শীর্ষ বিজ্ঞানীরা। তাদের মতে, এটি জলবায়ু পরিবর্তনের চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবিলায় এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সম্প্রতি ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিক-এর ডারিও অ্যামোডেই এবং স্পেসএক্সএআই-এর ইলন মাস্কের মতো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বরাও এই উদ্বেগের সাথে একমত পোষণ করেছেন। ডারিও অ্যামোডেই প্রস্তাব করেছেন যে 'ফ্রন্টিয়ার' বা শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোতে স্থায়ীভাবে তৃতীয় পক্ষের নিরীক্ষক নিয়োগ দেওয়া উচিত এবং এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি কমানো প্রয়োজন।
এছাড়া, অ্যানথ্রপিক জানিয়েছে যে তাদের 'ক্লড' এআই মডেলটি ইতোমধ্যে সাইবার আক্রমণ, নজরদারি, প্রতারণা এবং অস্ত্র তৈরির মতো নেতিবাচক কাজে ব্যবহৃত হয়েছে।
ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের ওয়েব সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক ডেম ওয়েন্ডি হলের মতে, এআই কোম্পানিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেদের হাতেই ছেড়ে দেওয়া ঠিক হবে না। ইন্টারনেট বা অন্যান্য প্রযুক্তির মতো এআই-এর ক্ষেত্রেও সুনির্দিষ্ট সুরক্ষাকবচ বা 'গার্ডরেল' থাকা জরুরি।
তিনি বলেন, এআই হয়তো পুরো মানবজাতিকে বিলুপ্ত করবে না, কিন্তু এর কারণে অনিচ্ছাকৃত বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, যা এড়াতে আমাদের সতর্ক থাকতে হবে। কেমব্রিজ ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অফ এক্সিস্টেনশিয়াল রিস্ক-এর সহ-প্রতিষ্ঠাতা ও অ্যাস্ট্রোফিজিসিস্ট মার্টিন রিস এই ঝুঁকিকে জলবায়ু পরিবর্তনের চেয়েও গুরুতর বলে আখ্যায়িত করেছেন।
স্কাই নিউজকে তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরগতির হলেও এআই যেকোনো মুহূর্তে বড় শহরের বিদ্যুৎ গ্রিড বা সাপ্লাই চেইন ধ্বংস করে দিতে পারে। এমন ঘটনা বিশ্বজুড়ে একই সাথে ঘটলে সভ্যতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তাই সম্ভাব্য এই বিপর্যয় ঠেকাতে এখনই নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।