বিজ্ঞাপন
৯০ বছরের পুরোনো ছবিতে ‘স্মার্টফোন’! টাইম ট্রাভেল নিয়ে তুমুল জল্পনা
আইটি ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
বিজ্ঞাপন
প্রায় ৯০ বছর আগে আঁকা একটি ছবিতে এক আদিবাসী ব্যক্তির হাতে স্মার্টফোনের মতো একটি বস্তু দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অদ্ভুত জল্পনা। কেউ কেউ দাবি করছেন, এটি যেন সময় ভ্রমণের কোনো প্রমাণ। তবে ইতিহাসবিদদের ব্যাখ্যা, বস্তুটি আসলে একটি আয়না হওয়ার সম্ভাবনাই বেশি।
‘মিস্টার পিনচন অ্যান্ড দ্য সেটলিং অব স্প্রিংফিল্ড’ নামের ম্যুরালটি এঁকেছিলেন ইতালীয়-আমেরিকান শিল্পী উমবের্তো রোমানো। ১৯৩৭ সালে তৈরি এই ছবিতে ১৭ শতকের ম্যাসাচুসেটসের স্প্রিংফিল্ডে ইংরেজ উপনিবেশবাদী ও স্থানীয় আদিবাসীদের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে।
ছবিটির সামনের অংশে থাকা এক আদিবাসী ব্যক্তিকে একটি ছোট, আয়তাকার বস্তু হাতে নিয়ে সেটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। বস্তুটির পেছনের অংশ গাঢ় রঙের এবং চারপাশে চকচকে প্রান্ত থাকায় বর্তমান সময়ের স্মার্টফোনের সঙ্গে এর মিল খুঁজে পেয়েছেন সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা।
ছবিটি নতুন করে ভাইরাল হওয়ার পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ১৯৩৭ সালের একটি ছবিতে স্মার্টফোনের মতো বস্তু কীভাবে থাকতে পারে। সেখান থেকেই টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে।
তবে ইতিহাসবিদদের ব্যাখ্যা এই জল্পনার চেয়ে অনেক বেশি সরল। তাদের মতে, বস্তুটি সম্ভবত একটি আয়না। ১৭ শতকের আমেরিকান উপনিবেশগুলোতে আয়না ছিল পরিচিত বাণিজ্যপণ্য। ছবিতে ওই ব্যক্তিকে নিজের প্রতিবিম্ব দেখার মতো ভঙ্গিতে বস্তুটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, যা আয়না হওয়ার ধারণাটিকেই সমর্থন করে।
ম্যুরালটি ম্যাসাচুসেটসের একটি স্টেট অফিস ভবনে সংরক্ষিত রয়েছে। ভবনটি একসময় স্প্রিংফিল্ডের প্রধান পোস্ট অফিস ছিল। যুক্তরাষ্ট্রের গ্রেট ডিপ্রেশনের সময় শিল্পীদের কর্মসংস্থানের জন্য চালু হওয়া ফেডারেল আর্টস প্রজেক্টের অর্থায়নে পোস্ট অফিসটির জন্য তৈরি ছয়টি ম্যুরালের একটি ছিল এটি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, শিল্পী রোমানো স্থানীয় ইতিহাসবিদ হ্যারি অ্যান্ড্রুজ রাইট এবং লেখক এসথার ফোর্বসের সঙ্গে পরামর্শ করে কাজটি তৈরি করেছিলেন। ছবিতে ১৬৩৬ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ওই অঞ্চলের বিকাশ ও বসতি স্থাপনের ইতিহাসকে একটি দৃশ্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ফলে ছবিতে আধুনিক স্মার্টফোন দেখা যাচ্ছে বলে যে দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তার পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। বরং শিল্পকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, রহস্যময় বস্তুটি একটি আয়নাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।