বিজ্ঞাপন
স্কুলের ওয়েবসাইটের ছবি থেকেই যৌন ডিপফেক, এরপরই চাঁদাবাজির ফাঁদ!
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে যৌনধর্মী ডিপফেক ছবি তৈরি করছে অপরাধী চক্র। পরে এসব ছবি ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষকে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রায় অর্ধেক স্কুলপ্রধান জানিয়েছেন, শিক্ষার্থীদের ছবি ক্ষতিকর কাজে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের ঘটনাও রয়েছে। একই সঙ্গে অর্ধেকের বেশি স্কুলপ্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, স্কুলের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষার্থীদের ছবিও এআইয়ের অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে।
শিশু নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে শিশুদের যৌনধর্মী ডিপফেক ছবি তৈরির ঘটনা এখন ‘মহামারি’র মতো ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে স্কুলগুলোও অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে।
এআইভিত্তিক শিশু সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আইডোসের উদ্যোগে পরিচালিত ‘ইন প্লেইন সাইট’ শীর্ষক প্রতিবেদনের জন্য যুক্তরাজ্যের ৫০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৪৯ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের ছবি অপব্যবহার, বিকৃত করা বা চাঁদাবাজির চেষ্টার অন্তত একটি ঘটনার মুখোমুখি হয়েছেন।
এ ছাড়া ৫৪ শতাংশ শিক্ষক জানিয়েছেন, স্কুলের প্রকাশিত ছবিগুলো এআইয়ের অপব্যবহারের শিকার হতে পারে—এ নিয়ে তাদের ব্যক্তিগত উদ্বেগ রয়েছে। ৪৫ শতাংশ শিক্ষক জানিয়েছেন, শিক্ষার্থীদের ছবি অপব্যবহারের অভিযোগে তাদের স্কুলে অভিভাবকদের কাছ থেকে সরাসরি অভিযোগও এসেছে।
যুক্তরাজ্যের সাবেক জাতীয় শিশু সুরক্ষা পুলিশিং প্রধান সাইমন বেইলি বলেন, সংগঠিত অপরাধী চক্রগুলো স্কুলপ্রধানদের এমনভাবে টার্গেট করছে, যাতে তাদের ওপর থাকা চাপ ও দুর্বলতার জায়গাগুলো তারা কাজে লাগাতে পারে।
তিনি বলেন, অনেক স্কুলপ্রধানই প্রতিষ্ঠানের সুনাম রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। অপরাধীরা এই স্বাভাবিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে। তার আশঙ্কা, অনেক স্কুল এমন ঘটনার শিকার হলেও তা কর্তৃপক্ষকে জানাচ্ছে না; বরং বিষয়টি নিজেদের মধ্যেই সামলানোর চেষ্টা করছে। ফলে প্রকৃত পরিস্থিতি এখনো পুরোপুরি জানা যাচ্ছে না।
আইডোসের প্রতিষ্ঠাতা ক্যারোল অসবোর্ন বলেন, শুধু অপরাধী চক্রই নয়, যৌন অপরাধীরাও স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ব্যবহার করে শিশুদের যৌন নির্যাতনের ভুয়া ছবি তৈরি করছে। এমনকি শিশুরাও অন্য শিশু এবং শিক্ষকদের ছবি ব্যবহার করে ডিপফেক তৈরি করছে।
অসবোর্ন বলেন, এসব ঘটনা যে বাড়ছে তা তিনি জানতেন, তবে এত বেশি স্কুল এর শিকার হয়েছে—জরিপের ফল দেখে তিনি নিজেই বিস্মিত হয়েছেন। তার মতে, অনেক স্কুল এখনো মনে করছে তাদের সঙ্গে এমন কিছু ঘটবে না। কিন্তু বাস্তবতা হলো, এসব ঘটনা ইতোমধ্যে ঘটছে এবং স্কুলগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।
এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) অভিভাবকদের সন্তানদের ছবি অনলাইনে প্রকাশের বিষয়ে সতর্ক করেছিল।
আইডব্লিউএফের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড্যান সেক্সটন বলেন, শিশুদের ছবি অনলাইনে প্রকাশ না করতে অভিভাবকদের পরামর্শ দেওয়া তার জন্যও অস্বস্তিকর। তবে অনলাইনে প্রকাশিত ছবির অপব্যবহার ঠেকানোর কার্যকর সুরক্ষা ব্যবস্থা না থাকায় সতর্ক থাকা ছাড়া আপাতত আর কোনো বিকল্প দেখছেন না তিনি।