বিজ্ঞাপন
অ্যাপলের বড় চমক আসছে ৯ সেপ্টেম্বর, উন্মোচন হতে পারে ফোল্ডেবল আইফোন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
বিজ্ঞাপন
নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে প্রথম বড় প্রোডাক্ট ইভেন্টে যাচ্ছে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বরের বিশেষ অনুষ্ঠানে কোম্পানিটি নতুন আইফোনসহ একাধিক পণ্য উন্মোচন করতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় রয়েছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন।
অ্যাপল আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় প্যাসিফিক টাইমে ‘সারপ্রাইজ এন্ড সাইন ’ নামে বিশেষ ইভেন্টের ঘোষণা দিয়েছে। তবে ইভেন্টে ফোল্ডেবল আইফোন উন্মোচন করা হবে কি না, সে বিষয়ে কোম্পানি এখনো বিস্তারিত কিছু জানায়নি।
তবে সাম্প্রতিক বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদন ও বিশ্লেষণে দাবি করা হচ্ছে, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবারই প্রথম ফোল্ডেবল আইফোনের ঘোষণা আসতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে সম্ভাব্য এই ডিভাইসটির দাম প্রায় ২ হাজার ডলার হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
গুঞ্জন অনুযায়ী, নতুন আইফোনটির নকশা হবে প্রচলিত আইফোনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। বইয়ের মতো ভাঁজ করা যাবে এমন এই ডিভাইস খুললে বড় আকারের ডিসপ্লে পাওয়া যেতে পারে। ফোনটির সম্ভাব্য নাম ‘আইফোন আল্ট্রা’ হতে পারে বলেও প্রযুক্তি মহলে আলোচনা রয়েছে। তবে নাম, দাম ও অন্যান্য স্পেসিফিকেশন এখনো অ্যাপল নিশ্চিত করেনি।
৯ সেপ্টেম্বরের ইভেন্টটি অ্যাপলের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। গত ১ সেপ্টেম্বর টিম কুকের কাছ থেকে সিইওর দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। এর আগে তিনি অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে ছিলেন। ফলে নতুন সিইও হিসেবে এটি হতে যাচ্ছে তার প্রথম বড় আইফোন উন্মোচন।
অ্যাপল বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিরির উন্নয়ন এবং নতুন ধরনের হার্ডওয়্যার পণ্য নিয়ে বাজারের প্রত্যাশার মধ্যে রয়েছে। সেই সময়ে ফোল্ডেবল আইফোন সত্যিই উন্মোচন হলে সেটি কোম্পানির স্মার্টফোন ব্যবসায় বড় ধরনের নকশাগত পরিবর্তনের ইঙ্গিত দেবে।
বিশেষ করে ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাংসহ একাধিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে। অ্যাপল এতদিন এই বাজারে প্রবেশ করেনি। ফলে নতুন ফোল্ডেবল আইফোন এলে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে।
তবে ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠান না হওয়া পর্যন্ত ফোল্ডেবল আইফোনের ঘোষণা, নাম, দাম কিংবা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা যাচ্ছে না। এখন প্রযুক্তিপ্রেমীদের নজর অ্যাপলের সেই বিশেষ ইভেন্টের দিকে, যেখানে নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে কোম্পানির পরবর্তী বড় চমক প্রকাশের অপেক্ষা।