বিজ্ঞাপন
৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও এখন নিজের চাকরি ফেরত চান
আইটি ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম
বিজ্ঞাপন
২০২১ সালের ডিসেম্বরে এক জুম কলে প্রায় ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কর্মকর্তা ভিশাল গর্গ। প্রায় পাঁচ বছর পর এবার নিজেই চাকরি হারিয়েছেন তিনি। তবে চাকরি হারিয়ে থেমে থাকেননি গর্গ। বরং নিজের পদ ফিরে পেতে কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে দাবি জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ৩ আগস্ট অনলাইন মর্টগেজ প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে গর্গকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড্যানিয়েল লুইসকে।
গর্গের অভিযোগ, লুইস তাকে কৌশলে সরিয়ে দিয়েছেন। তার দাবি, লুইস সামাজিক যোগাযোগমাধ্যমে কোম্পানির কৌশলকে সমর্থন করার ভান করে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করেন। পরে সেই সুযোগ কাজে লাগিয়ে সিইওর পদটি নিজের দখলে নেন।
হেজ ফান্ড ব্যবস্থাপক লুইস প্রায় ছয় মাস আগে গর্গের সঙ্গে যোগাযোগ করেন। সে সময় তিনি কোম্পানির খরচ কমানো এবং লাভজনকতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
গর্গ বলেন, লুইসের খরচ কমানোর চিন্তাগুলো ভালো ছিল। তবে উদ্ভাবন নিয়ে তার প্রস্তাবগুলো ভালো ছিল না।
গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে নেওয়া হয়। এর মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি অন্য পরিচালকদের গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজি করান। এরপর লুইসকেই নতুন সিইও করা হয়।
গর্গ বলেন, তার ধারণা লুইস শুরু থেকেই সিইও হতে চেয়েছিলেন। তার মতে, পরিচালনা পর্ষদ এখানে ভুল সিদ্ধান্ত নিয়েছে।
চাকরি ফিরে পেতে গর্গ এখন উচ্চপ্রোফাইল আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ দিয়েছেন। সাপিরো আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের অংশীদার। তার মাধ্যমে পরিচালনা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে গর্গকে আবার সিইও পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
গর্গ বলেন, গত ১০ বছর ধরে তিনি কোম্পানির জন্য কাজ করেছেন। তবে সবকিছুর বাস্তবায়ন নিখুঁত ছিল না বলেও তিনি স্বীকার করেন।
বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা করছেন।
বিশাল গর্গ ২০২১ সালে বেটারের প্রায় ৯০০ কর্মীকে এক জুম কলে চাকরিচ্যুত করে ব্যাপক আলোচনায় আসেন।
সেই সময় তিনি কর্মীদের জানান, বাজারের দক্ষতা, কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতার কারণে এই ছাঁটাই করা হচ্ছে। চাকরি হারানো কর্মীদের সংখ্যা ছিল কোম্পানির মোট কর্মীর প্রায় ৯ শতাংশ।
ছাঁটাইয়ের তালিকায় কোম্পানির পুরো বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) দলও ছিল।
সেসময় গর্গ আরও অভিযোগ করেছিলেন, চাকরিচ্যুত প্রায় ২৫০ কর্মী তাদের কাজের সময় বাড়িয়ে দেখিয়ে অনলাইন মর্টগেজ প্রতিষ্ঠানটি থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
তবে ২০২১ সালের সেই গণছাঁটাইয়ের ঘটনায় গর্গ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। প্রায় পাঁচ বছর পর সেই একই প্রতিষ্ঠানের নেতৃত্ব হারিয়ে এখন নিজের পদ ফিরে পাওয়ার জন্যই লড়াই করছেন তিনি।
সূত্র: এনডিটিভি