বিজ্ঞাপন
হঠাৎ ফোনের কভারে তেজপাতা রাখছেন সবাই, কারণ কী?
আইটি ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম
বিজ্ঞাপন
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক ট্রেন্ড। অনেকের মোবাইল ফোনের কাভারের ভেতরে এখন দেখা যাচ্ছে শুকনো তেজপাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ড অনুসরণকারীদের অনেকের বিশ্বাস, ফোনের কাভারে তেজপাতা রাখলে জীবনে আসে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও ইতিবাচকতা। কেউ কেউ আবার মনে করেন, তেজপাতা নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে।
কিন্তু সত্যিই কি ফোনের কাভারে তেজপাতা রাখলে ভাগ্য বদলায়? নাকি এটি শুধুই একটি বিশ্বাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন ট্রেন্ড? খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফোনের কাভারে তেজপাতা রাখার ট্রেন্ডের শুরু যেভাবে
তেজপাতাকে ঘিরে সৌভাগ্য ও সাফল্যের ধারণা অবশ্য নতুন নয়। প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিতে তেজপাতাকে বিজয়, জ্ঞান ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো। বিজয়ীদের সম্মান জানাতেও তেজপাতার মুকুট ব্যবহারের প্রচলন ছিল।
সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন সংস্কৃতিতে তেজপাতার সঙ্গে সৌভাগ্য, সমৃদ্ধি ও সুরক্ষার ধারণা যুক্ত হয়েছে। সেই বিশ্বাস থেকেই অনেকে তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখেন।
বর্তমানে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কাজ, যোগাযোগ থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন, অনেক কিছুই এখন ফোনের মাধ্যমে সম্পন্ন হয়। তাই কেউ কেউ মনে করেন, ফোনের কাভারে তেজপাতা রাখলে জীবনে ভালো কিছু ঘটতে পারে।
এই ধারণা থেকেই অনেকে ফোনের কাভারের ভেতরে তেজপাতা রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। বিশেষ করে ভারতীয়দের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
তবে বিজ্ঞান কী বলছে?
ফোনের কাভারে তেজপাতা রাখার বিষয়টি মূলত কিছু মানুষের বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। তবে বিজ্ঞানসম্মতভাবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফোনের কাভারে তেজপাতা রাখলে অর্থ আসবে, ভাগ্য বদলে যাবে কিংবা নেতিবাচক শক্তি দূর হবে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ, এটি মূলত বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত আস্থার বিষয়।
তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে রাখা কারও ক্ষেত্রে মানসিকভাবে ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। তবে এর সঙ্গে ভাগ্য পরিবর্তন বা আর্থিক সাফল্যের সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
যারা এই ট্রেন্ড অনুসরণ করতে চান
- ফোনের কাভারের ভেতরে তেজপাতা রাখার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
- অবশ্যই সম্পূর্ণ শুকনো তেজপাতা ব্যবহার করুন।
- ক্যামেরা, স্পিকার, চার্জিং পোর্ট বা বোতামের ওপর যেন পাতা না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
- খুব মোটা তেজপাতা ব্যবহার করে ফোনের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবেন না।
- পাতা ভেঙে গুঁড়া হয়ে গেলে বা ধুলো জমলে তা সরিয়ে নতুন পাতা ব্যবহার করুন।
- ফোনের কাভারের ভেতরের অংশ পরিষ্কার ও শুকনো রাখুন।
সবশেষে বলা যায়, ফোনের কাভারে তেজপাতা রাখা সৌভাগ্যের প্রতীক হিসেবে মজার একটি ট্রেন্ড হতে পারে। তবে এটিকে ভাগ্য বদলানোর বৈজ্ঞানিক উপায় হিসেবে দেখার সুযোগ নেই।
জীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন পরিশ্রম, পরিকল্পনা ও অধ্যবসায়। কোনো ট্রেন্ড অনুসরণ করলেই ভাগ্য পরিবর্তন হবে, এমন নিশ্চয়তা নেই।