বিজ্ঞাপন
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় বাংলাদেশি তরুণী নীলিমা
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৬ এএম
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় (Meta) যোগ দিয়েছেন বাংলাদেশি তরুণী নীলিমা হাকিম মৌ। সেখানে তিনি Linguistic Engineer, বাংলায় যাকে বলা যায় ভাষা প্রকৌশলী, হিসেবে কাজ করছেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও বড় পরিসরে কাজ করছে। ভাষাবিজ্ঞানের একজন শিক্ষার্থীর এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়ার গল্প তাই স্বাভাবিকভাবেই কৌতূহল জাগায়।
নীলিমার এই অর্জনের বিশেষ তাৎপর্য রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। এখনও অনেক পরিবারে বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনের সময় প্রশ্ন ওঠে, মানবিকের বিষয় পড়ে ভবিষ্যতে কী করা যাবে? প্রযুক্তির যুগে কম্পিউটার বিজ্ঞান কিংবা প্রকৌশলের বাইরে অন্য বিষয়ের শিক্ষার্থীদের সুযোগ কতটা? নীলিমার পথচলা সেই পুরোনো ধারণার সামনে নতুন একটি বাস্তবতা তুলে ধরে। প্রযুক্তির সঙ্গে এখন ভাষা, মনোবিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং মানুষের আচরণ সম্পর্কিত জ্ঞানেরও প্রয়োজন বাড়ছে।
নীলিমার শিকড় কুষ্টিয়ায়। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। ২০১৬ সালে সেখান থেকে স্নাতক এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভাষা কীভাবে গড়ে ওঠে, মানুষ কীভাবে ভাষা শেখে, সমাজের সঙ্গে ভাষার সম্পর্ক কী, একটি ভাষা কেন বদলে যায় কিংবা ধীরে ধীরে হারিয়ে যায়, এসবই ভাষাবিজ্ঞানের পড়াশোনার অংশ। সেখানকার সেই শিক্ষাজীবনই পরে তাঁকে আরও বিস্তৃত গবেষণার দিকে নিয়ে যায়।