বিজ্ঞাপন
সম্পূর্ণ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েডের সুযোগ
আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
বিজ্ঞাপন
ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। শুক্রবার মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
মেটা জানিয়েছে, ফেসবুক প্রোফাইলের পেছনে সত্যিই কোনো ব্যক্তি আছেন কি না, ব্যবহারকারীরা যাতে সহজেই তা জানতে পারে, এমন একটি ব্যবস্থা আমরা তাদের দিতে চাই। তাই ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি বিনামূল্যের ব্যাজ চালু করছি।
যেভাবে কাজ করবে ‘ফেসবুক ভেরিফায়েড’
একটি সহজ সেলফি-ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ব্যবহারকারীরা একটি শর্ট ভিডিও রেকর্ড করে জমা দেবেন। মেটা ভিডিওটি প্রফাইলের ছবির সঙ্গে মিলিয়ে দেখবে এটি মিলছে কি না। কাজটি সম্পূর্ণ বিনামূল্যে এবং কয়েক মিনিটের মধ্যেই করা যাবে বলে জানিয়েছে মেটা।
কারা পাবেন এই ব্যাজ
তবে এজন্য ব্যবহারকারীকে অবশ্যই বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ব্যবহারকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। সেইসঙ্গে তাকে মেনে চলতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড। বিশেষ করে জালিয়াতি, প্রতারণা এবং ছলনামূলক কাজে যুক্ত নয়, এমন ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা।
প্রথমিকভাবে অল্প কিছু দেশে এটি দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ‘ফেসবুক ভেরিফাইড’ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।
কোথায় দেখা যাবে?
একবার যাচাই হয়ে গেলে ভেরিফিকেশন ব্যাজটি প্রাথমিকভাবে মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপ এবং প্রোফাইলে দেখা যাবে। তবে ভেরিফাইড ব্যাজ থাকলেই ওই ব্যবহারকারীকে ফেসবুক সমর্থন করে বা তার বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয়, বিষয়টি এমন নয়। মেটা বলছে, ভেরিফাইড ব্যাজটির থাকার অর্থ— প্রোফাইলটি একজন আসল মানুষের, যিনি সেলফি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং মেটার বিশ্বাস ও সুরক্ষার মানদণ্ড পূরণ করেছেন।