Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

বিজ্ঞাপন

আগামী বছর এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রোতে বড় ধরনের ডিজাইন পরিবর্তন আনতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। একই সঙ্গে নতুন আইপ্যাড প্রো, আইফোন এবং ম্যাকবুক নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে নতুন ডিজাইনের ১৪ ইঞ্চির এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো বাজারে আনতে পারে অ্যাপল। নতুন ল্যাপটপটির নকশা উচ্চমূল্যের ম্যাকবুক প্রো সিরিজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানা গেছে।

এছাড়া এম৬ চিপভিত্তিক ম্যাকবুক সিরিজের সঙ্গে অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক উন্মোচনের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অন্যদিকে, অ্যাপল বর্তমানে চারটি নতুন আইপ্যাড প্রো মডেলের পরীক্ষামূলক কাজ চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। নতুন আইপ্যাডগুলোতে পারফরম্যান্স উন্নয়নে গুরুত্ব দেওয়া হলেও ডিসপ্লের আকার আগের মতো ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি রাখা হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বসন্তকালকে নতুন এন্ট্রি-লেভেল ও বাজেট ডিভাইস উন্মোচনের সময় হিসেবে বেছে নিচ্ছে অ্যাপল। ২০২৬ সালের বসন্তে ম্যাকবুক নিও, নতুন আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক প্রো উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।

এবারও ২০২৭ সালের বসন্তে নতুন ম্যাকবুক, আইপ্যাড এবং আইফোনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আইফোন ১৮-এর বেস মডেল, নতুন আইফোন এয়ার এবং সম্ভাব্য এম৭ চিপ নিয়েও চমক দেখাতে পারে অ্যাপল।

প্রসঙ্গত-ম্যাকবুক প্রো হলো অ্যাপলের প্রিমিয়াম ল্যাপটপ সিরিজ, যা মূলত পেশাদার ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর, সফটওয়্যার ডেভেলপার, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার এবং উচ্চক্ষমতার কম্পিউটিং প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য তৈরি। এটি অ্যাপলের নিজস্ব ম্যাকওএস অপারেটিং সিস্টেমে চলে এবং বর্তমানে অ্যাপলের নিজস্ব অ্যাপল সিলিকন (এম-সিরিজ) চিপ ব্যবহার করে।

ম্যাকবুক প্রো সাধারণত ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডিসপ্লে সংস্করণে পাওয়া যায়। এতে রয়েছে লিকুইড রেটিনা এসডিআর ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উচ্চক্ষমতার প্রসেসর, উন্নত গ্রাফিক্স এবং পেশাদারদের কাজের উপযোগী একাধিক পোর্ট, যেমন থান্ডারবোল্ট, এইচডিএমআই, এসডিএক্সসি কার্ড স্লট ও ম্যাগসেফ চার্জিং।

অ্যাপলের দাবি, নতুন প্রজন্মের ম্যাকবুক প্রোতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। পাশাপাশি এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের জন্য শক্তিশালী নিউরন ইঞ্জিন যুক্ত রয়েছে, যা ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, মেশিন লার্নিংসহ ভারী কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম।
সূত্র: এনগ্যাজেট

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার