Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেডের পতন যেন থামছেই না। প্রতিদিনই গড়ছে নিত্য নতুন লজ্জার রেকর্ড, কখনো আবার জাদুঘর থেকে বের করে আনছে পুরোনো সব বিব্রতকর নজির। এই গেল রাতেই যেমন গড়ল বিরল এক নজির। নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে ৪-০ গোলে। প্রায় ৮৯ বছর পর এমন দিন দেখতে হলো ইউনাইটেডকে। আর তাতেই মাথাচাড়া দিয়ে উঠছে নতুন এক শঙ্কা। রেলিগেশনের শঙ্কা! 

শেষবার ইউনাইটেড অবনমনের শিকার হয়েছিল সেই ১৯৭৩-৭৪ মৌসুমে। ১২ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্টের যে দশা, তাতে ৫২ বছরের পুরোনো সেই শঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলেই মনে হচ্ছে। অন্তত ৬টি লক্ষণ বলছে, ইউনাইটেডের কপালে এবার রেলিগেশনই লেখা হয়ে আছে! অন্তত এখন পর্যন্ত আরকি!

গতকাল ম্যাচের শুরু থেকেই যেন নিজভূমে পরবাসী হয়ে ছিল ইউনাইটেড। প্রথমার্ধে ক্যালম উইলসনের জোড়া গোলে শুরু। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্রেন্টফোর্ড আরও দুই গোল জড়ায় স্বাগতিকদের জালে। এবার গোল করেন ক্রিস্টোফ আইয়ের ও কেভিন শাডা। তাতেই স্কোরলাইন দাঁড়ায় ০-৪ এ। 

এই হারের পর ১২ ম্যাচ শেষে দলটির পয়েন্ট সংখ্যা পড়ে রইল ৮-এ। বর্তমানে দলটির অবস্থান একেবারে অবনমন অঞ্চলের মাঝে, ১৯তম স্থানে আছে তারা। আজ সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেস হাল সিটিকে হারিয়ে দিলে তারা নেমে যাবে ২০ নম্বরে। আর এটাই এখন প্রশ্ন তুলে দিচ্ছে, মৌসুম শেষেও কি এই অবস্থানেই থাকবে ইউনাইটেড?

৬টি লক্ষণ বলছে, ইউনাইটেড সেখানেই থাকতে চলেছে। কী সেসব লক্ষণ? চলুন দেখে নেওয়া যাক—

ইউনাইটেডের পয়েন্ট তোলার ‘গতি’
দলটি বর্তমানে তুলেছে ০.৬৭ পয়েন্ট। এই গতিতে পয়েন্ট তুললে মৌসুম শেষে তুলতে পারবে মোটে ২৫ পয়েন্ট। প্রিমিয়ার লিগ ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত ২৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়াতে পারেনি। লিগটিতে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে বেঁচে যাওয়ার ইতিহাস ওয়েস্ট ব্রমের, ২০০৪-০৫ মৌসুমে দলটির রক্ষা পেতে তাও লেগেছিল ৩৪ পয়েন্ট। বর্তমান গতিতে পয়েন্ট তুললে সেটাও সম্ভব নয় ইউনাইটেডের!

ইতিহাসও বিপক্ষে
ইতিহাসও ইউনাইটেডের বিপক্ষেই কথা বলছে। ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট পাওয়া দলের ৬৪ শতাংশ সময়েই মৌসুম শেষে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে। ঐতিহাসিকভাবে প্রিমিয়ার লিগের ১৭তম স্থানে জায়গা করে নিতে হলে প্রয়োজন হয় অন্তত ৩৫ পয়েন্ট। আর লিগটিতে অবনমন এড়াতে হলে সবচেয়ে নিরাপদ পয়েন্টের সীমানা হচ্ছে ৪০ পয়েন্ট, ৯০ শতাংশ সময়েই এই জায়গায় থাকা দল লিগে টিকে যায়। তবে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট পাওয়া দলগুলো বেশিরভাগ সময়েই সে কাজটি করতে ব্যর্থ হয়। 

ইউনাইটেড রেলিগেটেড দলগুলোর চেয়েও খারাপ!
গেল মৌসুমে নেমে যাওয়া তিন দলের সঙ্গে তুলনা করা যাক। নেমে যাওয়া দলগুলো ছিল— ওয়েস্ট হাম, বার্নলি ও উলভস। ইউনাইটেড তাদের তুলনাতেও জঘন্য অবস্থানে আছে। ১২ ম্যাচ পর ওয়েস্ট হামের পয়েন্ট ছিল ১০। বার্নলির ছিল ১১। ইউনাইটেডের পয়েন্ট এখন ৮! গত মৌসুমে কোনোমতে রেলিগেশন এড়ানো টটেনহামেরও ১২ ম্যাচ পর ইউনাইটেডের চেয়ে ১০ পয়েন্ট বেশি ছিল।

গোলমুখে গোলমাল
ইউনাইটেডের গোলমুখে গোলমাল লেগে আছে এবারের মৌসুমের শুরু থেকেই। সেটা শুধু গোল করাতেই নয়, গোল ঠেকানোতেও।

আগে গোল করাতেই চোখ রাখা যাক। ১২ ম্যাচে ইউনাইটেড গোল করেছে মোটে ১৪টি। গোলের সংখ্যা কম, তার চেয়েও বড় শঙ্কা, দলটি গোলের সম্ভাবনাও তৈরি করেছে খুবই কম। ২০৩ শটে এই গোলগুলো এসেছে। শটকে গোলে রূপ দেওয়ার হার ৭ শতাংশেরও কম। প্রিমিয়ার লিগে এর চেয়ে বাজে গোল কনভার্শন রেট আছে আর ২টি দলের। 

এবার আসুন গোল হজম করার দিকে। এই মৌসুমে ২৭ গোল হজম করেছে দলটি। এর চেয়ে বেশি গোল কোনো দলই হজম করেনি। তাদের বিপক্ষে নেওয়া শটের ১৫শতাংশ রূপ নিয়েছে গোলে। এটাও প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি।  বিবিসি জানাচ্ছে, এমন পরিস্থিতিতে ১৮ নম্বরে থেকে লিগ শেষ করাটাকেই নিয়তি বলে মনে হচ্ছে এখন। 

হায় ক্লিনশিট!
এবারের মৌসুমে ইউনাইটেডের রক্ষণ যেন বেহুলার বাসর। ক্লিনশিট যেন রীতিমতো মরীচিকা। রেড ডেভিলরা এবারের প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ ক্লিন শিট ছাড়া খেলল। শীর্ষ লিগে এর আগে এমনটা হয়েছিল ১৯৩০-৩১ মৌসুমে। সেবার ইউনাইটেড রেলিগেশনের কবলে পড়েছিল।

ব্রেন্টফোর্ডের ‘নজির’
আরও একটা লক্ষণ ব্রেন্টফোর্ডকে নিয়ে। শনিবারের আগে ১৯৩৭ সালের পর অল্ড ট্র্যাফোর্ডে জেতেনি দলটি। ম্যানচেস্টারের সেই দল ওই মৌসুমেই নেমে গিয়েছিল দ্বিতীয় বিভাগে। একে আপনি কাকতাল বলে উড়িয়ে দিলেও দিতে পারেন, কিন্তু অন্য সব লক্ষণ কিন্তু ঠিকই চোখরাঙানি দিচ্ছে ইউনাইটেডকে।

ইউনাইটেডের সামনের সূচিতে আছে কারা?
এখানেই শেষ নয় কিন্তু। আরও খারাপ পরিস্থিতি আসতে পারে এই সপ্তাহান্তেই। রোববার ক্রিস্টাল প্যালেস হালকে হারালে টমাস ফ্র্যাঙ্কের দল ইউনাইটেডকে টপকে যাবে। তখন ইউনাইটেড নেমে যাবে তলানিতে। ১৯৩০-৩১ মৌসুমের পর ডিসেম্বরে শীর্ষ লিগের সবচেয়ে নিচে থাকবে তারা। সেই মৌসুমে কী হয়েছিল, তা সবার জানা।

ডিসেম্বরে ইউনাইটেডের সামনে একের পর এক ম্যাচ। বুধবার তাদের যেতে হবে নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে। সেখানে সর্বশেষ চার প্রিমিয়ার লিগ ম্যাচেই হেরেছে ইউনাইটেড। এই ম্যাচে হ্যারি ম্যাগুয়েরকে পাওয়া যাবে না। ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ। 

ইউনাইটেডের পরের ম্যাচগুলো এ রকম। ২ ডিসেম্বর নিউক্যাসল। ৫ ডিসেম্বর ঘরের মাঠে কভেন্ট্রি। ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে লাইপজিগ। ১৩ ডিসেম্বর প্যালেসের মাঠে ম্যাচ। ফলে কঠিন সময়টা আরও লম্বা হওয়ার সম্ভাবনাই বেশি রেড ডেভিলদের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার