Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে কারণে মুশফিকের অবসরের ঘোষণা দিলেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

যে কারণে মুশফিকের অবসরের ঘোষণা দিলেন তামিম

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে মুশফিকুর রহিমের টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন বোর্ডের সভাপতি তামিম ইকবাল। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে ব্যতিক্রমী বিষয় হলো, নিজের অবসরের ঘোষণা মুশফিক নিজে না দিয়ে উল্টো বিসিবি সভাপতি তামিম ইকবালকে দিয়েই সেটি জানিয়েছেন।

সাধারণত ক্যারিয়ারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ক্রিকেটাররা নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে থাকেন। কিন্তু মুশফিকের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। কেন মুশফিকের অবসরের ঘোষণা দিলেন তামিম, সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন তিনি। তার ভাষ্য, মুশফিকের অনুরোধেই এই ঘোষণা দিয়েছেন তিনি।

তামিমের ভাষ্য, ‘মুশফিকের অনুরোধে... সে আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে, তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ ও শিশুর জন্য অসাধারণ একজন দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’

মুশফিক শুধু তামিমের সাবেক সতীর্থ নন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুও। তাই অবসরের মতো ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি তামিমকে আগেভাগেই জানিয়েছিলেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে তামিম জানান, বেশ কয়েকদিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছিলেন মুশি।

তামিম বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছিল। এরপর তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজেই যেন বিষয়টি ঘোষণা করে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য সেবক। আমি চেয়েছিলাম, বিষয়টি যথাযথভাবে হোক।’

সবকিছু ঠিক থাকলে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়ায় টেস্ট ছাড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অধ্যায়েরও সমাপ্তি ঘটবে তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার