Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসিকে লাল কার্ড না দেখানোয় বিতর্ক, রেফারির ব্যাখ্যায় উঠে এল নতুন তথ্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ এএম

মেসিকে লাল কার্ড না দেখানোয় বিতর্ক, রেফারির ব্যাখ্যায় উঠে এল নতুন তথ্য

বিজ্ঞাপন

কলম্বাস ক্রুর কাছে ইন্টার মায়ামির ৩-০ গোলের হার ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন লিওনেল মেসির একটি বিতর্কিত ঘটনা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার পরও সরাসরি লাল কার্ড না দেখে হলুদ কার্ড পাওয়ায় প্রশ্ন উঠেছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। তবে ঘটনাটিকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা না করার পক্ষে যুক্তি দিয়েছেন ম্যাচ পরিচালনাকারী রেফারি।

এমএলএস কাপের প্লে-অফে শেষ ষোলোর লড়াইয়ে প্রথমার্ধের একেবারে শেষ দিকে ঘটনাটির সূত্রপাত। দ্রুত থ্রো-ইন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। এ সময় তাঁর সামনে দাঁড়িয়ে বাধা দেন কলম্বাস ক্রুর চিলিয়ান ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া। প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন মেসি। পরে তাপিয়া হাত তুলে বাধা দেওয়ার পর কিছুটা দূরে সরে গেলে তাঁর মুখ বরাবর বল ছুড়ে মারেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ ঘটনায় দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি অ্যালেন চ্যাপম্যান। তবে মেসির এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করছেন ফুটবলপ্রেমীদের একাংশ। তাঁদের প্রশ্ন, অন্য কোনো খেলোয়াড় এমন আচরণ করলে রেফারি একই সিদ্ধান্ত নিতেন কি না।

ফুটবলের নিয়ম অনুযায়ী, থ্রো-ইনের সময় প্রতিপক্ষের কোনো খেলোয়াড় টাচলাইন থেকে দুই মিটারের কম দূরত্বে থ্রোয়ারের সামনে অবস্থান করে খেলা শুরুতে বাধা দিলে সেটি অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে গণ্য হয়। এ ক্ষেত্রে হলুদ কার্ড দেখানোর বিধান রয়েছে।

অন্যদিকে, থ্রো-ইন নেওয়ার সময় প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারার বিষয়টি নির্ভর করে বল প্রয়োগের মাত্রার ওপর। বেপরোয়া আচরণের জন্য হলুদ কার্ড এবং অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে সহিংস আচরণ করলে সরাসরি লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে।

ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যালেন চ্যাপম্যান। পুল রিপোর্টারকে তিনি বলেন, মেসির বল ছুড়ে মারার সময় বল প্রয়োগের মাত্রা ছিল খুবই সামান্য। ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি। সে কারণেই তাঁকে সরাসরি লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেওয়া হয়েছে।

ম্যাচের ফল অবশ্য মেসিদের জন্য আরও হতাশার। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দেন তাপিয়া। ৩৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহানকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস। এই হারে প্লে-অফের বেস্ট অব থ্রি সিরিজেও পিছিয়ে পড়েছে মায়ামি।

মেসিকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, মেসি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন। ঘটনাটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে এমএলএসের পর্যালোচনা করা উচিত কি না, সে প্রশ্নেও নিজের হতাশা প্রকাশ করেন কলম্বাস কোচ।

তবে বিষয়টিকে বড় করে দেখতে চাননি তাপিয়া। তাঁর মতে, এটি ছিল ম্যাচের স্বাভাবিক একটি ঘটনা, যা নিয়ে বাড়তি আলোচনা করার প্রয়োজন নেই। তিনি বলেন, ঘটনাটি সেখানেই শেষ হয়েছে, এরপর আর কিছু ঘটেনি। ফুটবলে বিভিন্ন সময়ে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

অন্যদিকে, ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ দলের সামগ্রিক পারফরম্যান্সের ঘাটতির কথা স্বীকার করেছেন। তাঁর মতে, ম্যাচে পরিকল্পনা অনুযায়ী কিছুই করতে পারেনি দল। বরং নিজেদের ভুলেই প্রতিপক্ষকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছে তারা।

গঞ্জালেজ বলেন, প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে দল। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। কারণ, পরবর্তী ম্যাচে জিততে না পারলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে তাদের। দল হিসেবে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার