বিজ্ঞাপন
৭ মিনিটে দুই গোল হজম, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সেলোনার জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
বিজ্ঞাপন
ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম। এরপর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি লামিন ইয়ামাল। তবে এত কিছুর পরও হাল ছাড়েনি হান্সি ফ্লিকের দল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা।
রোববার (২২ নভেম্বর) ক্যাম্প ন্যু’তে ভিয়া রিয়ালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও বিরতির পর তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকেরা।
ভিয়া রিয়ালের হয়ে গোল করেন তাহন বুকানন ও টানি ওলুওয়াসেয়ি। বার্সেলোনার হয়ে জেরার্ড মার্টিন, ফার্মিন লোপেজ। বাকি গোলটি আসে প্রতিপক্ষের ডিফেন্ডার পাও নাভারোর আত্মঘাতী ভুলে। ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের মতো। পঞ্চম মিনিটেই নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। প্রতিপক্ষের চাপে পড়ে নিজেদের সীমানায় বল ক্লিয়ার করতে গিয়ে ভুল পাস দেন জেরার্ড মার্টিন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল দখলে নেন বুকানন। এরপর শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি।
বার্সেলোনা প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে ভিয়া রিয়াল। দ্রুতগতির পাল্টা আক্রমণে বার্সেলোনার রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ওলুওয়াসেয়ি।
দুই গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। ২০ মিনিটে ডি-বক্সে ইয়ামালকে ফাউল করা হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তার শট পোস্টে লেগে ফিরে যায়। প্রথমার্ধের বাকি সময়েও একাধিক সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ভিয়া রিয়ালের ওপর চাপ বাড়াতে থাকে বার্সেলোনা। ৫৩ মিনিটে ফের্মিন লোপেসের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক পেতার গুলাসি। চার মিনিট পর ক্যান্সেলোর জোরালো শটও রুখে দেন তিনি।
তবে ৫৯ মিনিটে আর গোল আটকাতে পারেননি গুলাসি।কর্নার থেকে পেদ্রির ক্রসে হেড করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান মার্টিন।
এরপর সমতাসূচক গোল পেতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ৬৩ মিনিটে ডান দিক থেকে ইয়ামালের বাড়ানো বল পেয়ে জোরালো শটে জালে পাঠান ফার্মিন লোপেজ। তাতে ২-২ সমতায় ফেরে বার্সেলোনা।
চার মিনিট পর আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। ডি-বক্সে ফের্মিনের বাড়ানো বল আটকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ভিয়ারেয়ালের ডিফেন্ডার পাও নাভারো। আত্মঘাতী এই গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন দানি ওলমো। ৮৩ মিনিটে তাঁর জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গুলাসি।
অন্যদিকে সমতায় ফেরার জন্য চেষ্টা চালিয়েও আর সফল হয়নি ভিয়া রিয়াল। যোগ করা সময়ের তৃতীয় নিটে হাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নাভারো। ফলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় সফরকারীদের।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ভিয়া রিয়াল।