Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

সৌদি আরবে খেলতে এসে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

সৌদি আরবে খেলতে এসে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

বিজ্ঞাপন

ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিলের জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

২০২৪ সালের আগস্টে সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন ক্যাথলিন। সেখানে প্রায় দেড় বছর থাকার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। কয়েক মাসের ব্যবধানে এবার আবারও পবিত্র মক্কায় গিয়ে এই ধর্মীয় ইবাদত সম্পন্ন করলেন তিনি।

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিনের। ছোটবেলায় নিজের শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা ও ফুটবল খেলার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলে অংশ নেওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান।

শিক্ষাজীবন শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন ক্যাথলিন। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসরে যোগ দেন।

পরবর্তী সময়ে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক শীর্ষ ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। বর্তমানে ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলছেন এই ডিফেন্ডার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যাথলিন সুজার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় আল নাসর উইমেন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তার জীবনের নতুন অধ্যায়ের কথা তুলে ধরে ক্লাবটি।

ভিডিওর ক্যাপশনে তার জীবনের নতুন পথচলায় স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়। শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণের পর প্রথমবার ওমরাহ পালন করেন ক্যাথলিন।

এর কয়েক মাস পর আবারও মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে পবিত্র ওমরাহ পালনের মুহূর্তগুলো শেয়ার করার পর বিষয়টি ফুটবলপ্রেমীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও আলোচনায় এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার