Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, আলোচনায় যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, আলোচনায় যারা

বিজ্ঞাপন

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। সংস্থাটি জানিয়েছে ২০২৭ সালের এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আয়োজন করতে চায় তারা।

সম্প্রতি পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে বিসিবির বক্তব্য অনুযায়ী, প্রস্তাবের সময় ও উদ্দেশ্য সম্পর্কে তার দেওয়া তথ্য সঠিক নয়। বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে, ২০২৭ এশিয়া কাপের আগে নিজেদের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির সভায় বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। প্রস্তাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ বোর্ড।

ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানান, এশিয়া কাপের আগে বাংলাদেশে তিন দলকে নিয়ে একটি সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই বোর্ডের কাছ থেকেই প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তবে প্রস্তাব পেলেই সিরিজ আয়োজন নিশ্চিত হয়ে যায়নি। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার ভাষ্য, দুই দেশ প্রস্তাবটি পর্যালোচনা করছে। তাদের আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে বিসিবি।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। বড় এই টুর্নামেন্টের আগে নিজেদের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পেলে তা বাংলাদেশের প্রস্তুতিতে সহায়ক হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার