Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পেয়েছেন জয় শাহ। এ পদে তার বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের জন্য ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি।

আইসিসির বোর্ড পরিচালকদের পক্ষ থেকে জয় শাহর নাম প্রস্তাব করা হলে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে দ্বিতীয় মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর মাধ্যমে সংস্থাটির পরিচালকদের কাছ থেকে তার নেতৃত্বের প্রতি পুনরায় সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটেছে।

বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আইসিসি। ক্রিকেটকে আরও বেশি দেশে ছড়িয়ে দেওয়া, বিশ্বব্যাপী দর্শক ও সমর্থকের সংখ্যা বাড়ানো এবং খেলাটির বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নিতে চায় সংস্থাটি।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর আইসিসির বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। তিনি বলেন, আইসিসি বোর্ড তার ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত বোধ করছেন। পাশাপাশি প্রত্যেক পরিচালকের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকে একই সঙ্গে সম্মানজনক সুযোগ ও বড় দায়িত্ব হিসেবে বিবেচনা করছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। অলিম্পিকের এই মঞ্চকে বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা ও বিস্তৃতি বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। এ সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়াকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি।

তথ্যসূত্র: ক্রিকবাজ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার