বিজ্ঞাপন
‘২২’ নম্বর জার্সি হাতে বাংলাদেশের ফটোসেশন, জানুন নেপথ্যের কারণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
বিজ্ঞাপন
ফুটবলে জয়-পরাজয়ের হিসাব থাকে, থাকে গোল আর পয়েন্টের লড়াই। তবে এর বাইরেও যে কিছু মুহূর্ত থাকে, যা খেলার চেয়েও বড় হয়ে ওঠে, তারই একটি দেখা গেল সাফ চ্যাম্পিয়নশিপে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাাঠে নামার আগে তোলা দলের গ্রুপ ছবিতে ছিলেন না চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সাদ উদ্দিন। কিন্তু সতীর্থদের ভালোবাসায় ছবিতে ঠিকই জায়গা করে নিয়েছেন এই ডিফেন্ডার। তার ২২ নম্বর জার্সি হাতে নিয়ে ছবিতে দাঁড়িয়েছেন সতীর্থরা।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ দলের গ্রুপ ছবি তোলা হয়। সেখানে সবার নজর কাড়ে একটি দৃশ্য। সতীর্থদের সঙ্গে জার্সিটি ধরে রেখেছেন জায়ান ও রাকিব। জার্সিটি সাদের। চোটের কারণে যিনি এখন দলের সঙ্গে মাঠে নামতে পারছেন না, তাকে এভাবেই নিজেদের সঙ্গে রেখেছেন সতীর্থরা।
গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাদ উদ্দিনের। গোল না পেলেও মাঠজুড়ে তার উপস্থিতি ও পারফরম্যান্স নজর কেড়েছিল।
কিন্তু ম্যাচের ৭৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। পরে পরীক্ষায় তার অ্যাকিলিস টেন্ডনে গুরুতর আঘাতের বিষয়টি জানা যায়। পায়ের পেছনের এই গুরুত্বপূর্ণ টেন্ডন পেশির সঙ্গে গোড়ালির হাড়কে যুক্ত রাখে। হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো স্বাভাবিক চলাফেরায় এর ভূমিকা রয়েছে।
এই চোটের কারণে শুধু চলমান সাফ চ্যাম্পিয়নশিপ নয়, দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে সাদকে। তার অনুপস্থিতি বাংলাদেশের রক্ষণভাগের জন্য যেমন ধাক্কা, তেমনি ব্যক্তিগতভাবেও বড় হতাশার।