বিজ্ঞাপন
বাংলাদেশের ফুটবলারদের কী খাওয়ানো হয়, প্রশ্ন শ্রীলঙ্কানদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
বিজ্ঞাপন
চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচে মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ সর্বত্রই ছিল লাল-সবুজের প্রতিনিধিদের আধিপত্য। সাফের গুরুত্বপূর্ণ এ ম্যাচে লঙ্কানরা হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
এদিকে হারের পর বাংলাদেশের ফুটবলারদের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে শ্রীলঙ্কারি কয়েকজন খেলোয়াড়। ম্যাচের পর ড্রেসিংরুমে গিয়ে এমন কৌতূহলের কথাই জানিয়েছেন তারা। তাদের প্রশ্ন ছিল, বাংলাদেশের ফুটবলারদের এমন গতির রহস্য কী, কী খাওয়ানো হয় তাদের? বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে তিনি জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে চার-পাঁচজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে এসেছিলেন। বাংলাদেশের ফুটবলারদের গতি দেখে তারা রীতিমতো বিস্মিত হয়েছেন।
ডুলি বলেন, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’
প্রতিপক্ষের কাছ থেকে এমন প্রশংসা বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের সামর্থ্যেরই স্বীকৃতি বলে মনে করছেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় কিংবা প্রতিপক্ষের প্রশংসা কোনোটিই দলকে আত্মতুষ্টিতে ভোগাতে চান না তিনি। কারণ, সামনে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই।
আগামীকাল রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।