বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে মেসিতে মুগ্ধ সামিরা খান মাহি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
বিজ্ঞাপন
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্তের সংখ্যা বিশ্বজুড়েই অসংখ্য। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। অভিনেত্রী সামিরা খান মাহিও মেসির খেলার ভক্ত।
তবে প্রিয় তারকাকে সরাসরি দেখার সুযোগ পাবেন, তা কখনো ভাবেননি তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে সেই সুযোগ পেয়ে রীতিমতো বিস্মিত হয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে মেসিকে সরাসরি দেখার অভিজ্ঞতা ভাগ করে নেন মাহি। ছবিগুলোতে যুক্তরাষ্ট্রের মায়ামির নু স্টেডিয়ামে বান্ধবীদের সঙ্গে দেখা গেছে তাকে।
এ সময় তার সঙ্গে ছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাসহ আরও এক বান্ধবী। ছবিতে তিনজনের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি দেখা মিলেছে মেসিরও।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’
গত ১৫ অক্টোবর নু স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি গোল না পেলেও ২-০ ব্যবধানে জয় পায় তার দল।
ম্যাচটি গ্যালারিতে বসেই উপভোগ করেন মাহি ও তার বান্ধবীরা। তবে ঘটনার কয়েক দিন পর সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী।
উল্লেখ্য, ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখেছেন তারা।
সেই ভ্রমণের মধ্যেই মেসির খেলা সরাসরি দেখার অভিজ্ঞতা মাহির জন্য হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি।