বিজ্ঞাপন
সমালোচিত সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ এএম
বিজ্ঞাপন
‘পঞ্চপান্ডব’ হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারের পুরো সময় বিতর্ক এড়িয়ে চললেও, সম্প্রতি তার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের সাথে মিটিংয়ে একটি ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে সব সমালোচনা ডালপালা মেলে বটবৃক্ষে পরিণত হওয়ার আগেই অবস্থান স্পষ্ট করলেন এই তারকা ক্রিকেটার। জমজম ব্রাদার্সের অফিসে তিনি কেনো গিয়েছিলেন- এর কারণ ব্যাখ্যা করে রিয়াদ জানিয়েছেন, বিতর্কিত পোস্টও তিনি ইতোমধ্যে ডিলিট করেছেন।
সমালোচনার সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
পোস্টে জুরকারনাইন দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। পোস্টে এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সায়েরের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন যখন তুঙ্গে ওঠার উপক্রম, তখনই বিষয়টি স্পষ্ট করেন রিয়াদ। ততক্ষণে তিনি বুঝতে পারেন, বিনা স্বার্থে তিনি যে ভিডিওতে অংশ নিয়েছেন সেখানে দেশের স্বার্থের প্রশ্ন জড়িত। তাই জমজম ব্রাদার্সকে বলে পোস্টগুলোই মুছে ফেলেন। এরপর নিজেই ভেরিফাইড ফেসবুকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’
‘কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাঁদের আমন্ত্রণে একদিন তাঁদের অফিসে গেলে, তাঁরা তাঁদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যাবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’
রিয়ার লেখেন, ‘আমার অনুরোধে তাঁরা কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেন।’
পোস্টে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী’ বলে যোগ করেন লেখায়।
পোস্টের শেষে ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবেন জানিয়ে, সবার প্রতি ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান সাবেক এই তারকা ক্রিকেটার।