Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসিবিহীন আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ এএম

মেসিবিহীন আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ ঘোষণা

বিজ্ঞাপন

লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে ম্যাচ দুটির সূচি ও ভেন্যু নিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর শুক্রবার বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীর এই লড়াই পরিচিত ‘রিও দে লা প্লাতা ডার্বি’ নামে। ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লা বোম্বোনেরা। বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় আছে লা প্লাতার এস্তাদিও উনিকো।

এর চার দিন পর, ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ সফরে একই শহরে বলিভিয়াকে হারিয়েছিল দলটি। এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বছরের শেষ আন্তর্জাতিক বিরতি শেষ করার লক্ষ্য থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের।

নভেম্বরের এই দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য কেবল প্রস্তুতিমূলক লড়াই নয়, বরং নতুন দল গঠনের পরীক্ষাও। জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ যাত্রার সমাপ্তির পর এবার তাকে ছাড়াই খেলতে হবে আলবিসেলেস্তেদের। একই সঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির অবসরের পর রক্ষণভাগেও নতুন সমীকরণ তৈরি করতে হবে কোচ লিওনেল স্কালোনিকে।

দলের নেতৃত্বেও আসতে পারে পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার