বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবুধাবি টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজে ফিল্ডিংয়ের কারণে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ দলের বোলাররা পরিকল্পিতভাবে বোলিং করতে পারেননি। বিশেষ করে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানরা উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারেননি। পারেননি বল টার্ন করাতে।
এরপরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি টাইগাররা।শেষ ঘণ্টায় চাপটা নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। পর পর দুই রানআউট মিস, হাসান মাহমুদের সহজ ক্যাচ মিস এরই প্রমাণ।
দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউট মিস করেছে বাংলাদেশ দল। এরপর আরও ২০ ওভার খেলা হয়েছে। তখন রানআউট করতে পারলে এই ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত। জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ দল।
সদ্য শেষ হওয়া আবুধাবি টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের ক্রিকেটাররা অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেন। উইকেট যেমনই হোক না কেন, শেষ দিন পুরোটা ব্যাটিং করে ড্র করা সহজ কথা নয়! এশিয়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলে টেস্ট ড্র করার তালিকায় আফগানিস্তানের এই ড্র এখন তৃতীয় (১৪২ ওভার)।
আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।
জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এই রান তাড়া করে জয় পাওয়া আর বিশ্ব রেকর্ড গড়া সমান কথা। অবশ্য জিততে পারলে আফগানরা বিশ্ব রেকর্ডই গড়তো। জিততে না পারায় সেই রেকর্ড আর হয়নি।
রেকর্ড না হলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদেকুল্লাহ অটলের (১১১) সেঞ্চুরি, রহমত শাহের (৫১) ফিফটি ও কায়েস আহমেদের (৪৯*) দায়িত্বশীল ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা এড়িয়ে দাপটের সঙ্গেই ড্র করে আল্লাহর সন্তুষ্টি প্রকাশে সিজদা দেয় আফগান ক্রিকেটাররা।