বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবলে শেষ হয়েছে লিওনেল মেসির অধ্যায়। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের পর নতুন করে আলোচনায় এসেছে তার ভবিষ্যৎ। এবার মাঠের বাইরে কোনো নতুন ক্লাব নয়, বরং রাজনীতির সঙ্গে মেসির নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে একটি চমকপ্রদ দাবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই দাবিতে বলা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে আর্জেন্টিনার রাজনীতিতে সক্রিয় হতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি একপর্যায়ে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বও তিনি নিতে পারেন—এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এই দাবি করেছেন ‘প্রফেসর জিয়াং’ নামে পরিচিত এক কানাডীয় ভূরাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তা। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামে পরিচিত, সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি মেসিকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেন।
জিয়াংয় দাবি করেন, মেসি খুব বেশি সময়ের মধ্যে পেশাদার রাজনীতিতে যুক্ত হতে পারেন। এরপর ধীরে ধীরে তিনি আর্জেন্টিনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে বসতে পারেন।
তবে এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। জিয়াং নিজেকে ভূরাজনীতি বিশ্লেষণে গেম থিওরি ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহারকারী হিসেবে তুলে ধরেছেন এবং অতীতের কিছু পূর্বাভাস সফল হয়েছে বলেও দাবি করেছেন। কিন্তু তার পেশাগত পরিচয় কিংবা ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীন ও নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি।
মেসিকে নিয়ে তার বক্তব্যের আরেকটি অংশ আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। জিয়াংয়ের দাবি, ভবিষ্যতে মেসি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন। এমনকি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকার সম্ভাবনার কথাও তিনি বলেছেন।
এখানেই তার বক্তব্যের সঙ্গে আর্জেন্টিনার সাংবিধানিক বাস্তবতার বড় পার্থক্য দেখা যায়। আর্জেন্টিনার সংবিধানের ৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একজন প্রেসিডেন্ট টানা সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। প্রতিটি মেয়াদ চার বছরের হওয়ায় পরপর দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে। ফলে কোনো প্রেসিডেন্টের টানা ২০ বছর ক্ষমতায় থাকার দাবি বর্তমান সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মেসিকে নিয়ে জিয়াংয়ের বক্তব্যের আরেকটি দাবি হলো, মেসি প্রেসিডেন্ট হলেও আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নেপথ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রাখতে পারেন।